“আমরা মাদুরে ঘুমোতাম। ১০ বাই ১০ ফুটের একটা ঘর ছিল মাথার ওপর। সেখান থেকেই শুরু।” বলছিলেন বলিউডের প্রবীণ অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল।

ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল
শেষ আপডেট: 20 July 2025 10:34
দ্য ওয়াল ব্যুরো: “আমরা মাদুরে ঘুমোতাম। ১০ বাই ১০ ফুটের একটা ঘর ছিল মাথার ওপর। সেখান থেকেই শুরু।” বলছিলেন বলিউডের প্রবীণ অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল। পেশাগত জীবনে বহু বড় ছবির সঙ্গে যুক্ত থেকেছেন তিনি। কিন্তু বলিউডের বাইরের দুনিয়ায় তাঁর জীবন শুরু হয়েছিল এক কঠিন লড়াই দিয়ে। সে লড়াইয়ের সাক্ষী তাঁর দুই ছেলে—ভিকি কৌশল ও সানি কৌশল।
সম্প্রতি ইউটিউবার অমন আউজলার একটি সাক্ষাৎকারে শ্যাম জানান, তাঁর দুই ছেলে জীবনের কঠিন বাস্তবতা চোখের সামনে দেখেই বড় হয়েছে। তাঁদের কিছু শেখানোর দরকার পড়েনি। তিনি বলেন, “আমি কখনওই ওদের উপর কোনও চাপ দিইনি। শুধু বলেছিলাম—মানুষ হয়ে ওঠো। যদি তুমি নিজে সৎ হতে পারো, তা হলে সন্তানকেও আলাদা করে শেখাতে হয় না। ওরা দেখে শেখে।”
শ্যাম আরও বলেন, “আমরা একসময় একটা ছোট ঘরে থাকতাম। তারপর একটু বড় চওলে উঠলাম। তারপর একটা ছোট ফ্ল্যাট। ধাপে ধাপে এগিয়েছে জীবন। আমি নিজে মোটরসাইকেল কিনেছিলাম, পরে একটা পুরনো ফিয়াট গাড়ি। আজ যাদের বড় পর্দায় দেখি, তারা সেই ছোট রাস্তাগুলো পেরিয়ে এসেছে।”
তাঁর কথায়, বহুবার শ্যুটিংয়ের সময় বা প্রোডাকশনে অপমানিত হতে হয়েছে তাঁকে। সেই কষ্ট তিনি কখনও লুকোননি। “অনেক সময় আমি বাড়ি ফিরে ছেলেদের সামনে কেঁদে ফেলেছি। আমি মনে করি, পুরুষদের আবেগ লুকোনো উচিত নয়,” বলেন তিনি। ভিকি কৌশলও স্বীকার করেন, ইন্ডাস্ট্রির নেপথ্যের লড়াইটা তিনি ছোটবেলা থেকেই দেখে এসেছেন। “এমন নয় যে ফিল্মি ব্যাকগ্রাউন্ড মানেই গ্ল্যামার। বাবা কীভাবে একটা একটা করে সোফা-টেবিল কিনেছিলেন, ছোট ঘর থেকে বড় ঘরে গিয়েছিলাম, সব মনে আছে,” বলেন তিনি। বর্তমানে 'ছাভা' ছবির সাফল্যে উজ্জ্বল ভিকি কৌশল, যা ৮০০ কোটিরও বেশি আয় করেছে বিশ্বজুড়ে।