কান চলচ্চিত্র উৎসবে পা দিয়ে একের পর এক চমক দিলেন উর্বশী রৌতেলা। প্রথম দিনেই নজর কাড়লেন ময়ূরের পালকে মোড়া সাজে, হাতে একটি ঝলমলে কাকাতুয়া-আকৃতির ব্যাগ।

উর্বশী রৌতেলা
শেষ আপডেট: 27 May 2025 20:53
দ্য ওয়াল ব্যুরো: কান চলচ্চিত্র উৎসবে পা দিয়ে একের পর এক চমক দিলেন উর্বশী রৌতেলা। প্রথম দিনেই নজর কাড়লেন ময়ূরের পালকে মোড়া সাজে, হাতে একটি ঝলমলে কাকাতুয়া-আকৃতির ব্যাগ। ব্যাস, নেটদুনিয়ায় হাসির রোল! অনেকে ঠাট্টা করে বললেন, "এটা ফ্যাশন?"
এইবার তাঁর হাতে এক অভিনব ব্যাগ, যার আকৃতি অনেকটা অন্তর্বাসের মতো। ‘ব্রা-ব্যাগ’ নামেই ভাইরাল হল সেই ছবি। সঙ্গে ছিলেন কোরিয়ান ইনফ্লুয়েন্সার ওরি, যাঁর সঙ্গে তোলা ভিডিয়ো দেখে দর্শকরা দারুণ বিনোদিত। এত আলোচনার মাঝেই একজন অভিনেত্রীর সঙ্গে তুলনা টানলেন কেউ—ঐশ্বর্যা রাই বচ্চন!
এখানেই ঘটল টুইস্ট। যেখানে অন্য কেউ হলে খুশি হতেন, উর্বশী সেখানে উল্টো রেগে গেলেন! ইনস্টাগ্রামে তিনি একটি বিস্তৃত পোস্টে লেখেন, “বারবার আমাকে ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে তুলনা করা হচ্ছে। ডার্লিং, ঐশ্বর্যা একজন আইকন, কিন্তু আমি তার ডুপ্লিকেট নই, আমি নিজেই এক ব্লুপ্রিন্ট। আমাকে কাউকে অনুকরণ করতে নয়, আলাদা করে নজরে পড়ার জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল।”
তিনি আরও বলেন, “আমার স্টাইল, আমার আত্মবিশ্বাস যদি কারও অস্বস্তির কারণ হয়, তাহলে নিঃশ্বাস নাও। পারলে দুটো! আমি সকলের পছন্দ নই, কারণ আমি সকলের মতো নই। আমার মাপ নেওয়ার চেষ্টা করো না—যে স্কেল দিয়েই পরিমাপ করবে, তা আগেই ভেঙে গিয়েছে!”
প্রসঙ্গত, ঐশ্বর্যা এই বছর কান উৎসবে ধরা দিয়েছিলেন এক রাজকীয় সাজে—সাদা বেনারসী শাড়ি, মুক্তোর গয়না, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর। চিরাচরিত সৌন্দর্য ও আভিজাত্যের নিখুঁতভাবে ফুটে উঠছিল। অনেকেই ভাবেন, এমন কারও সঙ্গে তুলনা তো সম্মানের!