৩২তম জন্মদিনে ১৬ কোটি টাকার হিরে মোড়া সাততলা কেক কাটলেন উর্বশী রাউতেলা।

উর্বশী রাউতেলা
শেষ আপডেট: 27 February 2026 17:25
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক আর সমালোচনা—দুটো শব্দই যেন সমার্থক হয়ে উঠেছে উর্বশী রাউতেলা-র (Urvashi Rautela) নামের সঙ্গে। ট্রোলিং, বেফাঁস মন্তব্য কিংবা চমকপ্রদ উপস্থিতি—সব মিলিয়ে প্রায়শই আলোচনার কেন্দ্রে থাকেন এই মডেল-অভিনেত্রী। এবার তাঁর জন্মদিনের কেক ঘিরেই তুমুল চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
গত ২৫ ফেব্রুয়ারি ছিল উর্বশীর ৩২তম জন্মদিন। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে তিনি অর্ডার করেন এক বিশালাকার সাততলা কেক, যা হিরে দিয়ে মোড়া। সেই কেকের দাম ১৬ কোটি টাকা বলে জানা গিয়েছে। মূল্য শুনেই কার্যত হতবাক নেটিজেনরা। কেকের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। আর তারপরই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
নেটদুনিয়ার একাংশের দাবি, বিশ্বের ইতিহাসে এত দামী কেক কেটে জন্মদিন উদ্যাপন এই প্রথম। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন—“হিরেখচিত কেক কাটলেন ঠিকই, কিন্তু খাবেন কীভাবে?” কেউ কেউ আবার উর্বশীর আয় নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও তাঁর উপার্জন নিয়ে প্রশ্ন উঠেছিল। গত বছর ১২ কোটি টাকা মূল্যের একটি রোলস রয়েস কেনেন তিনি। সেই সময়ও অনেকের কৌতূহল ছিল—এত বিপুল অর্থের উৎস কী? এবারও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।
তবে জাঁকজমকপূর্ণ জন্মদিন উদ্যাপনই তাঁর একমাত্র পরিচয় নয়। সমাজসেবামূলক কাজেও সক্রিয় তিনি। ছত্রপুরের বাগেশ্বর ধামে ২৫১ জন কন্যার বিবাহের সম্পূর্ণ খরচা বহন করেন উর্বশী। নবদম্পতিদের সঙ্গে দেখা করে আশীর্বাদও করেন তিনি। এই উদ্যোগের জন্য সমালোচকরাও প্রশংসা করেছেন তাঁকে।