লিপ ফিলার সরিয়ে নিজের 'রিয়েল ফেস' দেখালেন উরফি জাভেদ। সাহসের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজের যন্ত্রণার অভিজ্ঞতা, জবাব দিলেন কটাক্ষকারীদেরও।

উরফি জাভেদ
শেষ আপডেট: 22 July 2025 23:33
দ্য ওয়াল ব্যুরো: লিপ ফিলার সরিয়ে নিজের 'রিয়েল ফেস' দেখালেন উরফি জাভেদ। সাহসের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজের যন্ত্রণার অভিজ্ঞতা, জবাব দিলেন কটাক্ষকারীদেরও। রিয়েলিটি শো জয় করার পর আবারও সংবাদের শিরোনামে উরফি জাভেদ। তবে এবার কোনও পোশাক নয়, বরং নিজের লুক নিয়েই কথা বললেন তিনি। প্রায় এক দশক আগে যেই লিপ ফিলার করিয়েছিলেন, সেই ফিলার এবার সরিয়ে ফেলার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন উরফি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, “দয়া করে ভিডিওটা নিজের রিস্কে দেখুন। আমার পুরনো ফিলারগুলো ভুল জায়গায় চলে গিয়েছিল… খুব ব্যথা হচ্ছিল।” তিনি আরও জানান, ২–৩ সপ্তাহ পর ফের নতুনভাবে, প্রাকৃতিকভাবে ফিলার করাবেন।
মুখ ফুলে থাকলেও হালকা চালে পরিস্থিতি সামলালেন উরফি। ভিডিওয় দেখা যায়, তাঁর বোন তাঁকে জিজ্ঞেস করছেন— “তুমি কিছু বলতে পারছো?” উত্তরে উরফি হেসে বলেন, “হ্যাঁ!”
সেই ভিডিও দেখে কেউ প্রশংসা করেছেন, কেউ আবার তীব্র কটাক্ষ করেছেন। জবাবে উরফি লেখেন, “আমার এই নতুন মুখ আমি ভালবাসি। যাঁরা বোঝেন না, তাঁরা সৌন্দর্য বোঝেন না!”
কারও মন্তব্য, “এতটা সাহস দেখানো সহজ নয়।” আরেকজন লেখেন, “তুমি এমনিতেই সুন্দর ছিলে, এত কিছু করার দরকার কী?” কেউ আবার বলেন, “সে যা করছে, নিজের ইচ্ছেতেই করছে। অন্তত সম্মানটা করা উচিত।” উরফি সবসময় নিজের কসমেটিক প্রসিডিওরের কথা খোলাখুলি জানিয়েছেন। সদ্যই তিনি ‘The Traitors’ রিয়েলিটি শো জিতেছেন নিকিতা লুথরের সঙ্গে। পুরস্কার হিসেবে পেয়েছেন ৭০ লক্ষ টাকা।