অনুরাগ কাশ্যপ মানেই অন্যরকম সিনেমার প্রতিশ্রুতি। সেই দুনিয়ায় এবার নতুন সংযোজন ‘বান্দর’ (বাংলায় অর্থ খাঁচায়বন্দি বানর) একটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত থ্রিলার যা প্রিমিয়ার করতে চলেছে ২০২৫ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (TIFF) ৫০তম সংস্করণে।

শেষ আপডেট: 22 July 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: অনুরাগ কাশ্যপ মানেই অন্যরকম সিনেমার প্রতিশ্রুতি। সেই দুনিয়ায় এবার নতুন সংযোজন ‘বান্দর’ (বাংলায় অর্থ খাঁচায়বন্দি বানর) একটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত থ্রিলার যা প্রিমিয়ার করতে চলেছে ২০২৫ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (TIFF) ৫০তম সংস্করণে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ববি দেওল ও সান্যা মালহোত্রা। তবে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য বাড়তি চমক হল, এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন।
ববি দেওল ছবির প্রথম ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে শোরগোল। পোস্টারে তাঁর তীক্ষ্ণ, রহস্যময় চেহারা দেখে বোঝা যায় ছবির আবহ কতটা গা ছমছমে। ববি লিখেছেন, “যে গল্প বলা উচিত হয়নি … তবু সেটাই নির্বাচিত হয়েছে TIFF ২০২৫-এ। বাস্তব ঘটনায় অনুপ্রাণিত আমাদের এই ছবি #tiff50-এ প্রিমিয়ার করতে চলেছে।”
তাঁর এই লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভাই সানি দেওল থেকে বিক্রান্ত ম্যাসি, পূজা হেগড়ে থেকে দর্শন কুমার—বলিউড তারকারা। ‘বান্দর’ পরিচালনা করছেন অনুরাগ কাশ্যপ, যাঁর ঝুলিতে রয়েছে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘ব্ল্যাক ফ্রাইডে’ ও ‘আগলি’র মতো অসাধারণ কাজ। তাঁর সেই পরিচিত কাঁচা অথচ তীব্র গল্প বলার ধরন নিয়েই ফিরছেন তিনি আন্তর্জাতিক মঞ্চে। প্রযোজনা করছেন নিখিল দ্বিবেদি, যিনি এর আগে ‘ভীরে দি ওয়েডিং’ এবং সাম্প্রতিক ‘CTRL’ তৈরি করেছেন।
এই ছবির অন্যতম আকর্ষণ হল অভিনেতা ঋদ্ধি সেনের উপস্থিতি। বাংলা ছবিতে ‘নগরকীর্তন’ কিংবা ‘হেলিকপ্টার ইলা’র মাধ্যমে নিজের জাত চেনানো এই অভিনেতা এবার হিন্দি ছবিতে অনুরাগ কাশ্যপের মতো পরিচালকের সঙ্গে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত। এক ইনস্টাগ্রাম পোস্টে ঋদ্ধি লিখেছেন, “আমি জানতে পেরেছি, সম্পূর্ণভাবে নিজেকে চরিত্রে সমর্পণ করাই আসল স্বাধীনতা। অনুরাগ স্যরের সেটে প্রতিটি মুহূর্ত ছিল শেখার।” সিনেমায় ঋদ্ধির পাশাপাশি রয়েছেন সাবা আজাদ, সপনা পাব্বি, জোজু জর্জ ও জিতেন্দ্র যোশীর মতো অভিজ্ঞ অভিনেতারাও।
এই বছর TIFF-এ ভারত থেকে নির্বাচিত অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে নীরাজ ঘায়ওয়ানের ‘হোমবাউন্ড’ এবং রমেশ সিপ্পির কালজয়ী ‘শোলে’। TIFF-এর সুবর্ণ জয়ন্তী বর্ষে ভারতীয় সিনেমার উপস্থিতি নিঃসন্দেহে নজর কাড়ার মতো।
সব মিলিয়ে বলা যায়, ‘বান্দর’ শুধুই আরেকটি ছবি নয়—এটা এক সাহসী গল্প, একটি দৃঢ় পারফরম্যান্সের মঞ্চ এবং ঋদ্ধি সেনের মতো প্রতিভাবান অভিনেতার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার আরেক সুযোগ। টরন্টোতে সেই প্রথম প্রদর্শনের অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।