কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে উর্ফী নিজেই বলেছিলেন, তিনি ঠোঁটে ফিলার্স ব্যবহার করেন এবং বোটক্সও করান। একেবারে খোলাখুলি সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি।

উরফি জাভেদ
শেষ আপডেট: 20 July 2025 18:59
দ্য ওয়াল ব্যুরো: অভিনব ফ্যাশন বেছে নিয়ে হামেশাই নজর কাড়েন উর্ফী জাভেদ। কখনও ছবি, কখনও ভিডিয়ো—কিছু না কিছু নিয়ে আলোচনায় থাকেন সবসময়। কিন্তু এ বার তাঁর সাহসী পোশাক নয়, আলোচনার কেন্দ্রে তাঁর ঠোঁট। সম্প্রতি এমন একটি ছবি এবং ভিডিয়ো ভাগ করে নিয়েছেন উর্ফী, যা দেখে হতবাক তাঁর অনুরাগীরা। ঠোঁট এতটাই ফুলে উঠেছে যে চেনা দায়! চিন্তায় পড়েছেন নেটিজেনরা—উর্ফীর এমন কী হল?
কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে উর্ফী নিজেই বলেছিলেন, তিনি ঠোঁটে ফিলার্স ব্যবহার করেন এবং বোটক্সও করান। একেবারে খোলাখুলি সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি। তাঁর সেই স্বচ্ছতার প্রশংসাও করেছিলেন অনেকেই। তবে এবার উর্ফী নিজেই জানিয়েছেন, ঠোঁটের আগের স্বাভাবিক চেহারা ফিরে পেতে তিনি ফিলার্স সরিয়ে ফেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার, চিকিৎসকের কাছে গিয়ে ঠোঁটের ফিলার্স সরিয়ে ফেলার প্রক্রিয়াও শুরু করেন তিনি। সেই সময় একটি ছবি শেয়ার করে লেখেন, “ফিলার্স সরিয়ে ফেলছি। বিশ্বাস করতে পারছি না। মাত্র ১৮ বছর বয়স থেকে ফিলার্স ব্যবহার করছি। নিজেকে ফিলার্স ছাড়া কত দিন দেখিনি! তবে এ বার আবার করাব, একটু আলাদা পদ্ধতিতে।”
পরদিন, রবিবার আরও একটি ভিডিয়ো ভাগ করে নেন উর্ফী। সেখানে দেখা যাচ্ছে, ইনজেকশন ফোটানো হচ্ছে তাঁর ঠোঁটে। ক্যাপশনে লেখেন, “এটা নতুন ফিলার্স নয়। বরং আমি পুরনোটা সরিয়ে ফেলছি। কারণ সবটা একদম খারাপ হয়ে গিয়েছিল। এখন আবার করাব, কিন্তু সূঁচ দিয়ে নয়। তবে এই প্রক্রিয়া খুব যন্ত্রণাদায়ক, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ যেন এমন কিছু না করেন।”
সততা আর সাহসের মিশেলে ফের একবার চর্চার কেন্দ্রে উর্ফী জাভেদ। তবে এবার তাঁর ‘লুক’ নয়, ঠোঁটের চিকিৎসা ঘিরেই চলছে নানান প্রশ্ন। অনুরাগীরা বলছেন, “দেখে ভয় লাগছে! উর্ফী ঠিক আছেন তো?”