পুরী থেকে ফিরেছেন দু'জনেই। এ দিন ছিল অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবি 'ডিয়ার মা'র প্রিমিয়ার। সেখানেও হাজির দু'জনে। সাংবাদিকের দল প্রশ্ন ছুড়তেই লাজুক হাসি নায়িকার।
.png.webp)
'স্যর আঁখো পার'
শেষ আপডেট: 18 July 2025 21:48
দ্য ওয়াল ব্যুরো: পুরীর সমুদ্রতট। 'লহ গৌরাঙ্গের নাম রে' শুটিং চলছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি তাই তামঝাম যে খানিক বেশি তা বলার অপেক্ষা রাখে না। হাজির শিল্পীরা। বাধ্য ছাত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ও হাজিরা দিয়েছেন সময় মতোই। সৃজিত তাঁর 'স্যর', অন্তত নায়িকার দাবি তেমনটাই। বারবার শট এনজি, রাগী স্যরেরও ক্লান্তি নেই! কীভাবে হাঁটবেন, কীভাবে পাসিং শট দেবেন, সব বোঝাচ্ছেন ধৈর্য ধরে।
কাট টু, সুস্মিতার এক সেলফি যার ক্যাপশন বলছে, 'স্যর আঁখো পার'! এই 'ওয়ার্ড গেম' কি নায়িকার মস্তিষ্কপ্রসূত? প্রশ্ন খুঁজতেই উৎসুক নেটিজেনের দল, 'মেলালেন সবই মেলালেন'। টলিপাড়ায় নতুন গসিপ, প্রেম করছেন সৃজিত!
সখ্য বেড়েছে তা অস্বীকার করার উপায় নেই! কিন্তু প্রেম? কাট ৩। পুরী থেকে ফিরেছেন দু'জনেই। এ দিন ছিল অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবি 'ডিয়ার মা'র প্রিমিয়ার। সেখানেও হাজির দু'জনে। সাংবাদিকের দল প্রশ্ন ছুড়তেই লাজুক হাসি নায়িকার। বললেন, "আমরা খুব ভাল বন্ধু। এর থেকে বেশি কিছু বলতে পারব না। যে যা ভাবছে ভাবুক"। আর সৃজিত? পরিচালক দুঁদে, গুঞ্জনের উত্তর সহজভাবে যে তিনি দেবেন না তা খানিক প্রত্যাশিত। বললেন, "একটা সেলফি নিয়ে এত জল্পনা কল্পনা! আমরা তো ২০২৫ এ বাস করছি! রিল্যাক্স গাইজ রিল্যাক্স"।
তিনি রিল্যাক্স থাকতে বলছেন বটে, তবে ওপারেও কিন্তু পরিচালকের এই নতুন প্রেম এখন 'হটকেক'। হবে নাই বা কেন? পরিচালকের বাংলাদেশ কানেকশন যে ঠিক ছোট গল্পের মতো, 'শেষ হয়েও হইল না শেষ'। তবে তরুণী পরিচালকের সঙ্গে নতুন অধ্যায় কি আগামী ছবির পাব্লিসিটি স্টান্ট নাকি সত্যিই মন জুড়ে বসন্তের পর্দা বিছানো সে উত্তর তো লুকিয়ে সময়েরই হাতে।