মফস্বল আর কলকাতার উপকণ্ঠকে পটভূমি করে তৈরি হচ্ছে নতুন কমেডি ড্রামা ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’। সৌভাগ্য, নৈতিকতা এবং কর্মফলের জটিল সম্পর্ককে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে এক সাধারণ মানুষের জীবনের আকস্মিক পরিবর্তনের মধ্য দিয়ে উঠে আসবে বড় প্রশ্ন—সব প্রাপ্তিই কি আশীর্বাদ?

শেষ আপডেট: 18 February 2026 17:02
দ্য ওয়াল ব্যুরো: ফোনের ছোট স্ক্রিনে ভাইরাল হওয়া মুখ এবার দেখা যাবে বড়পর্দায়। উন্মেষ গাঙ্গুলি (Unmesh Ganguly)। যাঁকে অধিকাংশ দর্শক চেনেন বাঁকুড়া মিমস-এর জনপ্রিয় চরিত্র ‘ঘোতন’ হিসেবে, এবার অভিনয় করছেন পূর্ণদৈর্ঘ্যের ছবিতে। ছবির নাম ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’। এর আগে একটি ওয়েবসিরিজে তাঁকে দেখা গেলেও, বড়পর্দায় এটি উন্মেষের প্রথম কাজ। সোশ্যাল মিডিয়ার পরিচিতি থেকে চলচ্চিত্রে জায়গা করে নেওয়ার যে প্রবণতা সাম্প্রতিক সময়ে বেড়েছে, উন্মেষও এবার সেই পথেই এগোলেন।
ছবিটি পরিচালনা করেছেন ঋষভ দত্ত। পরিচালক জানিয়েছেন, ২০২১ সালে অফিসে বসেই তাঁর মাথায় আসে ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’-এর মূল ভাবনা। সেই সময় ছবির জন্য কোনও প্রযোজক পাওয়া যায়নি। ফলে শুরু হয় ক্রাউড ফান্ডিংয়ের উদ্যোগ। ধীরে ধীরে পরিস্থিতি বদলায়, এবং শেষ পর্যন্ত ছবিটি বাস্তব রূপ পায়। এই ছবিতে উন্মেষ গাঙ্গুলির পাশাপাশি অভিনয় করেছেন বিমল গিরি, স্বরলিপি ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী এবং স্বাতী মুখার্জি-সহ আরও অনেকে।
গল্পের পটভূমি
মফস্বল আর কলকাতার উপকণ্ঠকে পটভূমি করে তৈরি হচ্ছে নতুন কমেডি ড্রামা ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’। সৌভাগ্য, নৈতিকতা এবং কর্মফলের জটিল সম্পর্ককে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে এক সাধারণ মানুষের জীবনের আকস্মিক পরিবর্তনের মধ্য দিয়ে উঠে আসবে বড় প্রশ্ন—সব প্রাপ্তিই কি আশীর্বাদ?
গল্পের কেন্দ্রে নারায়ণ, পেশায় একজন ডিজিটাল ঘটক। ব্যক্তিগত জীবনে হতাশা, ঋণের বোঝা এবং ভাঙা সম্পর্কের ভারে ক্লান্ত সে। এমন সময় হঠাৎ করেই একটি লটারির টিকিট তার জীবনে এনে দেয় বিপুল অর্থ। মুহূর্তে বদলে যায় তার বাস্তবতা। কিন্তু অর্থের এই ঝলকানি যেন সঙ্গে নিয়ে আসে অদ্ভুত এক অস্বস্তি।
নারায়ণের স্বপ্নে বা বাস্তবে আবির্ভূত হন দেবী লক্ষ্মী। এর পরই নারায়ণের জীবনে শুরু হয় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা—বিশ্বাসঘাতকতা, বিপর্যয় এবং একটি চাঞ্চল্যকর খুন তার জীবনকে ঠেলে দেয় গভীর নৈতিক সংকটে। সে বুঝতে শুরু করে, সব জেতাই আসলে জয় নয়।
সব মিলিয়ে বেশ জমজমাট ছবির গল্প। তবে বড়পর্দায় সোশ্যাল মিডিয়ার পরিচিত ‘ঘোতন’ এবার কতটা প্রভাব ফেলতে পারেন, সেটাই দেখার অপেক্ষা।