তালিকা থেকে বাদ পড়লেন না সলমন খানের প্রাক্তন সঙ্গিনী সোমি আলি (Somy Ali)। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি জানান, সেলিমের হাসপাতালে ভর্তির খবর শুনে তিনি সত্যিই বিচলিত হয়েছেন।

শেষ আপডেট: 18 February 2026 13:16
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানে (Salim Khan)। তাঁর শারীরিক অবস্থা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা প্রার্থনা করছেন।
কী লিখলেন সোমি?
তালিকা থেকে বাদ পড়লেন না সলমন খানের প্রাক্তন সঙ্গিনী সোমি আলি (Somy Ali)। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি জানান, সেলিমের হাসপাতালে ভর্তির খবর শুনে তিনি সত্যিই বিচলিত হয়েছেন। বিশ্বজুড়ে একজন কিংবদন্তি লেখক হিসেবে পরিচিত সেলিম খান তাঁর কাছে পিতৃতুল্য। অমিতাভ বচ্চনের উত্থানের পেছনে তাঁর অবদান এবং ‘শোলে’র মতো কালজয়ী ছবির স্রষ্টা হিসেবে তিনি চলচ্চিত্র ইতিহাসে অনন্য—এ কথাও উল্লেখ করেন সোমি।
সোমির স্মৃতিচারণে উঠে এসেছে, সলমনের বাড়িতে থাকার সময় সেলিম খান তাঁকে মেয়ের মতো স্নেহ করতেন। একসঙ্গে খাওয়া-দাওয়া, বিভিন্ন ধর্ম ও বিশ্বাস নিয়ে গভীর আলোচনা—সব মিলিয়ে সেই সময়টা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। সেলিম খানের কাছ থেকেই তিনি শিখেছেন যে মানবতা ও ঈশ্বরীয় চেতনা সবকিছুর ঊর্ধ্বে।
সোমি-সলমনের সম্পর্ক
উল্লেখ্য, ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিটি দেখার পর অল্প বয়সেই সলমন খানের প্রতি আকৃষ্ট হন সোমি আলি। তাঁকে বিয়ে করার স্বপ্ন নিয়েই যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসেন এবং বলিউডে কাজের চেষ্টা শুরু করেন। পরবর্তীতে সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে, যা ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত স্থায়ী ছিল। সে সময় তিনি সলমনের বাড়িতেই থাকতেন। তবে সম্পর্কে ভাঙনের পর তিনি ভারত ছেড়ে চলে যান।
পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে সোমি আলি সলমনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুললেও, তাঁর পরিবার সম্পর্কে সবসময়ই ইতিবাচক মন্তব্য করেছেন। বিশেষ করে সলমনের বাবা-মায়ের কাছ থেকে জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এই কঠিন সময়ে সেলিম খানের সুস্থতা কামনা করে সোমি আলির পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। তাঁর কথায়, “তিনি আমার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।”