টকশোতে পরকীয়া ও প্রেম নিয়ে মন্তব্য করে ফের বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে টুইঙ্কল খান্না।

অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না
শেষ আপডেট: 6 November 2025 19:19
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী কাজল-এর সঙ্গে জুটি বেঁধেছেন টুইঙ্কল খান্না। দু'জনের সঞ্চালিত টকশো বর্তমানে বলিউডে 'টক অফ দ্য টাউন'। বিশেষ করে পরকীয়া (Extramarital Affairs) নিয়ে টুইঙ্কলের স্পষ্ট এবং বিতর্কিত মন্তব্যগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে স্বামী অক্ষয় কুমারের সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা বিতর্কে কান না দিয়ে, টুইঙ্কল এবার নিজের মতামতের সপক্ষে নতুন যুক্তি সাজালেন।
সম্প্রতি তাঁর এবং কাজলের টকশোতে ফারহা খান ও অনন্যা পাণ্ডের সঙ্গে আড্ডা দেওয়ার সময় 'ইয়ং জেনারেশন'-এর প্রেম, পরকীয়া ও একাধিক সম্পর্ক নিয়ে কথা ওঠে। সেখানেই টুইঙ্কল তাঁর প্রশংসা করে বলেন, "ইয়ং জেনারেশনের একটা জিনিস আমার খুব ভাললাগে। তারা যা করে, বুক চিতিয়ে করে। সম্পর্কে থাকলে বা পার্টনার বদলে ফেললেও তা লুকিয়ে রাখে না।"
টুইঙ্কলের এই মন্তব্যের জবাবে অনন্যা পাণ্ডে বলেন, সঙ্গী বদল আগেও হতো, হয়তো এখন তা সবাইকে জানিয়ে-শুনিয়ে হয়। অনন্যার এই কথায় সহমত পোষণ করে টুইঙ্কল খান্না বলেন, "একেবারেই ঠিক, বুড়োরা সবকিছু লোকাতে ওস্তাদ!"
টুইঙ্কলের 'বুড়োরা' সম্পর্কিত মন্তব্যটি আসার পরই নেটিজেনরা বরাবরের মতো তাঁর স্বামী অক্ষয় কুমারের সঙ্গে অতীতে ওঠা পরকীয়া সংক্রান্ত জল্পনার গন্ধ খুঁজতে শুরু করেন। তবে বিতর্ক আরও ছড়িয়ে পড়ার আগেই টুইঙ্কল স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর এই মন্তব্য বা মতামত ব্যক্তিগত জীবনে প্রযোজ্য নয়।
এর আগেও পরকীয়া প্রসঙ্গে তিনি এক বিতর্কিত মন্তব্য করেছিলেন, "যৌনতা একটা রাতের ঘটনা। মজা শেষ, গল্প শেষ। ওটা কখনই দীর্ঘ প্রেম হতে পারে না।"
টুইঙ্কলের এই বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল, এবং অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে অক্ষয় কুমার যদি এমনটা করেন, তাহলেও কি তাঁর একই ধরনের মনোভাব থাকবে? সমস্ত বিতর্কের মধ্যেও অক্ষয় কুমার-ঘরনি তাঁর অবস্থানে অবিচল।