৫৮ বছর বয়সেও বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার কীভাবে বজায় রাখেন তাঁর সিক্স-প্যাক অ্যাবস?

অক্ষয় কুমার
শেষ আপডেট: 6 November 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'খিলাড়ি কুমার' অক্ষয় কুমার। ৫৮ বছর বয়সেও যাঁর ফিটনেস নতুন প্রজন্মের অভিনেতাদের ঈর্ষার কারণ। ভোর ৫টায় ঘুম থেকে ওঠা এবং রাত সাড়ে ৯টায় শুতে যাওয়া, এমন ছকে বাঁধা জীবনযাত্রাই তাঁকে এই জায়গায় ধরে রেখেছে। বলিউডের জমকালো পার্টি বা বিলাসবহুল জীবন থেকে দূরে থাকা এই অভিনেতা তাঁর ফিটনেসের জন্য প্রতিদিন এমন এক পানীয় গ্রহণ করেন, যা শুনলে চমকে যেতে হয়। হ্যাঁ, ফিট থাকতে অক্ষয় নিয়মিত গোমূত্র পান করেন!
বহু বছর আগে ওয়াইল্ডলাইফ অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলস-এর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ আড্ডায় স্বয়ং অক্ষয় কুমার এই রহস্য ফাঁস করেছিলেন। বিয়ার গ্রিলসের সঙ্গে শুটিং করার সময়, বিয়ারের কথায় অক্ষয় হাতির বিষ্ঠা দিয়ে তৈরি চা পান করতে বাধ্য হয়েছিলেন। সেই চা খাওয়ার পর সহ-অভিনেত্রী হুমা কুরেশিকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অক্ষয় বলেছিলেন, "আমার কোনও অসুবিধা হয়নি। আসলে আমি নিয়মিত গোমূত্র খাই। তাই হাতির বিষ্ঠা মেশানো চা খেতে কোনও সমস্যা হয়নি।" খিলাড়ি কুমারের সেই উক্তিটি সম্প্রতি আবারও ভাইরাল হয়েছে।
সূত্রের খবর, অক্ষয় কুমার নাকি প্রায় ২০ বছর ধরে রোজ গোমূত্র পান করে আসছেন। আয়ুর্বেদ শাস্ত্রমতে, গোমূত্রকে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। আয়ুর্বেদে এর প্রচুর ব্যবহার রয়েছে, কারণ এতে একাধিক খনিজ উপাদান থাকে যা পান করলে অপুষ্টিজনিত সমস্যা দূর হতে পারে।
বিশ্বাস করা হয় যে, গরু সারাদিন ঘুরে ঘুরে যে বিভিন্ন ধরনের ঘাস ও পাতা খায়, সেগুলির উপকারী অবশিষ্টাংশ তার মূত্রে পাওয়া যায়। আয়ুর্বেদ অনুযায়ী, নিয়মিত গোমূত্র পান করলে ডায়ারিয়া, টিউমার এবং পেটের মতো বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে।