সম্প্রচারের শুরুতে টিআরপি তালিকায় ভাল ফল করলেও সময়ের সঙ্গে প্রতিযোগিতা বেড়েছে, স্লট বদলেছে। তবুও গল্পে একের পর এক নতুন মোড় এনে দর্শকের আগ্রহ ধরে রাখার চেষ্টা ছিল স্পষ্ট।

শেষ আপডেট: 22 February 2026 14:17
দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক বছরের সফর শেষ হতে চলেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘তুই আমার হিরো’ (Tui Amar Hero)। গত বছরের ১০ মার্চ শুরু হওয়া এই মেগা অল্প সময়ের মধ্যেই দর্শকের নজর কেড়েছিল। সুপারস্টার শাক্যজিৎ ও আরশির প্রেম, সম্পর্কের টানাপড়েন আর জীবনের নানা বাঁক মিলিয়ে গল্পটি ধীরে ধীরে নিজের আলাদা জায়গা তৈরি করেছিল। মুখ্য ভূমিকায় থাকা রুবেল দাস (Rubel Das) ও মোহনা মাইতির (Mohona Maiti) রসায়ন বিশেষভাবে প্রশংসিত হয়।
সম্প্রচারের শুরুতে টিআরপি তালিকায় ভাল ফল করলেও সময়ের সঙ্গে প্রতিযোগিতা বেড়েছে, স্লট বদলেছে। তবুও গল্পে একের পর এক নতুন মোড় এনে দর্শকের আগ্রহ ধরে রাখার চেষ্টা ছিল স্পষ্ট। সাম্প্রতিক পর্বে বড় লিপ নিয়ে শাক্য-আরশির মেয়ের আসায় গল্পে নতুন মাত্রা যোগ করে। এই পরিবর্তন দর্শকের কৌতূহল আরও বাড়িয়েছিল।
শনিবার শেষ হয়েছে ধারাবাহিকের শুটিং। এদিন সেটে ছিল আবেগঘন পরিবেশ— দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর বিদায়ের মুহূর্ত যে সহজ নয়, তা স্পষ্ট ছিল সকলের চোখেমুখে। যদিও শুটিং শেষ, টেলিভিশনের পর্দায় আরও কয়েক দিন দেখা যাবে প্রিয় চরিত্রগুলিকে।
অন্যদিকে, চ্যানেলের তরফে ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই শুরু হতে চলেছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’, যেখানে এক সংগ্রামী একা মায়ের জীবনযুদ্ধ এবং তাঁর তিন মেয়েকে ঘিরে এগোবে কাহিনি। সমাজের বাধা পেরিয়ে আত্মমর্যাদা ও সাহসের গল্প তুলে ধরবে এই নতুন মেগা। পরিচিত ও জনপ্রিয় মুখদের নিয়ে তৈরি এই ধারাবাহিক ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল তৈরি হয়েছে।
একটি গল্পের ইতি মানেই আরেকটি নতুন গল্পের সূচনা— সেই প্রত্যাশাতেই এবার অপেক্ষা ছোটপর্দার দর্শকের।