এই সপ্তাহের টিআরপি তালিকা সামনে আসতেই যেন নতুন করে দপদপ করতে শুরু করেছে বাংলা ধারাবাহিক দুনিয়া।

এই সপ্তাহের টিআরপি তালিকায়...
শেষ আপডেট: 27 November 2025 14:29
দ্য ওয়াল ব্যুরো: এই সপ্তাহের টিআরপি তালিকা সামনে আসতেই যেন নতুন করে দপদপ করতে শুরু করেছে বাংলা ধারাবাহিক দুনিয়া। চোখ ছিল সকলেরই— বিশেষত স্বস্তিকা দত্তের প্রত্যাবর্তনের ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র দিকে। আর প্রথম দফাতেই যেন বাজিমাত! দ্বিতীয় সপ্তাহেই নম্বর নিয়ে হাজির হল ৬.৬ রেটিং। শুধু দর্শকের মন জয় নয়, স্লটেও দাপট— দাদামণির কাছ থেকে নিজের জায়গা ধরে রাখল স্বস্তিকার নতুন মেগা। যেখানে প্রতীক সেন অভিনীত ‘দাদামণি’-র ঝুলিতে উঠল ৬.০।
তবে সিংহাসনে বসে আছে সেই পুরনো সম্রাট— ‘পরশুরাম’। টিআরপি ৬.৮ নিয়ে আবারও প্রথম স্থানে। তার ঠিক পরেই ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, এরপর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘পরিণীতা’, যার টিআরপি ৬.৩। স্লট হারালেও লড়াই ছাড়েনি ধারাবাহিকটি।
চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ এবং ‘জগদ্ধাত্রী’, দু’টিরই রেটিং ৬.১। আর নানা বিতর্ককে সঙ্গী করে এগিয়ে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’। জিতু-দিতিপ্রিয়ার চলমান আলোচনার মধ্যেও ৬.০ রেটিং নিয়ে পঞ্চম স্থানে। সেই একই নম্বর নিয়ে একই স্থানে রয়েছে ‘দাদামণি’ও।
এদিকে সপ্তাহের মাঝেই হঠাৎ করে জানা গেল, ‘ফুলকি’ বন্ধের সিদ্ধান্ত এসেছে চ্যানেলের তরফে। কিন্তু শেষ হাসিটা হেসেছে ধারাবাহিকটি— দিব্যানী-অভিষেক অভিনীত সিরিয়ালের রেটিং ৫.৮, অবস্থান ষষ্ঠ।
টিআরপি-র সেরা দশ তালিকা এবার এরকম—
প্রথম: পরশুরাম (৬.৮)
দ্বিতীয়: প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৬.৬)
তৃতীয়: পরিণীতা (৬.৩)
চতুর্থ: রাঙামতি তীরন্দাজ/জগদ্ধাত্রী (৬.১)
পঞ্চম: চিরদিনই তুমি যে আমার, দাদামণি (৬.০)
ষষ্ঠ: ফুলকি (৫.৮)
সপ্তম: চিরসখা/জোয়ার ভাঁটা (৫.৭)
অষ্টম: লক্ষ্মী ঝাঁপি ও মোর দরদিয়া (৫.৪)
নবম: কম্পাস (৫.০)
দশম: কনে দেখা আলো (৪.৮)
এই সপ্তাহের রেটিং যা বলছে— লড়াই আরও কঠিন হতে চলেছে। নতুন মুখ, পুরনো জনপ্রিয়তা, বিতর্ক, স্লট বদল— সব মিলিয়ে টিআরপি দুনিয়ায় ওঠানামা যেন পলকের খেলা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল— আগামী সপ্তাহে কি টালমাটাল হবে এই তালিকা? নাকি আরও বড় চমকের অপেক্ষায় দর্শক?