
কোয়েল মল্লিক
শেষ আপডেট: 1 April 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: শুটিংয়ের সময় গুরুতর চোট পেয়েছেন কোয়েল মল্লিক। মিতিন মাসি সিরিজের নতুন ছবির শ্যুটিং চলাকালীন এই বিপত্তি ঘটেছে। জানা গিয়েছে, রবিবার ছবির শুটিং চলছিল নেপালগঞ্জে। সে সময়েই একটি দৃশ্যের শুটিং চলাকালীন গুরুতর চোট পান কোয়েল। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর হাতে প্লাস্টার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন কোয়েল।
গতবছরই পুজোর সময় মুক্তি পায় ‘মিতিন মাসি’র প্রথম ছবি। সেই ছবির পুরো শুটিংই হয়েছিল জঙ্গলে। সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা সিরিজের নতুন গল্পে এবার আর জঙ্গল নয়, শহরেই খুনির সন্ধান করবেন ‘মিতিন মাসি’। মিতিন মাসি সিরিজের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে তৈরি হবে ছবি। ছবির জন্য গল্পের নাম অবশ্য বদলে করা হয়েছে ‘একটি খুনির সন্ধানে’। ছবিটি পরিচালনা করছেন অরিন্দম শীল।
অভিনেত্রী সামাজিক মাধ্যমে আগেই জানিয়েছিলেন, এই ছবিতে রয়েছে ঠাসা অ্যাকশন। তাই তিনি তাঁর ডায়েটের ব্যাপারে যথেষ্ট নজর রাখছেন। ইতিমধ্যে ছবির অনেকটাই শুটিং হয়ে গেছে নেপালগঞ্জ ও কলকাতার বিভিন্ন এলাকায়। কোয়েল মল্লিক ছাড়া এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে মধুরিমা বসাক, কণিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং সাহেব চট্টোপাধ্যায়কে।