প্রায় ১৫ বছর পর ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে জল্পনা তুঙ্গে। আমির খান, আর মাধবন ও শরমন যোশির মন্তব্যে কি মিলল কোনও স্পষ্ট ইঙ্গিত?

শেষ আপডেট: 1 January 2026 10:53
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের শুরুতেই খবর রটে গিয়েছিল, প্রায় ১৫ বছর পর ফিরতে চলেছে জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল। শোনা যায়, ছবির চিত্রনাট্যের চূড়ান্ত খসড়াও নাকি তৈরি হয়ে গিয়েছে এবং পরিচালক রাজকুমার হিরানি খুব শিগগিরই সিক্যুয়েল নিয়ে এগোতে পারেন। এই খবর প্রকাশ্যে আসতেই দর্শক-অনুরাগীদের কৌতূহল তুঙ্গে ওঠে। নতুন বছরে কি তবে আবার দেখা যাবে রাজু, র্যাঞ্চো আর ফারহানের বন্ধুত্বের গল্প, এই আশাতেই রয়েছেন অনেকে।
এই প্রসঙ্গেই সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল র্যাঞ্চো ও ফারহানকে—অর্থাৎ আমির খান ও আর মাধবনকে। কিন্তু তাঁদের উত্তর শুনে অনুরাগীদের আশায় খানিকটা জল ঢেলে দেন দু’জনেই। এক সাক্ষাৎকারে আর মাধবন বলেন, “‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কথা শুনতে ভালই লাগে, তবে এসব ভাবনা এখন অনেক দূরের। আমির, শরমন আর আমি, তিনজনেরই বয়স বেড়েছে। এই বয়সে আবার সিক্যুয়েলের অ্যাডভেঞ্চারে যাওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে আমার সন্দেহ আছে। আমাদের জীবন এখন অনেকটাই বদলে গিয়েছে।”
মাধবনের কথায়, সিক্যুয়েলের ভাবনাটা মজার হলেও সময়টা খুব একটা উপযুক্ত নয়। তিনি আরও জানান, রাজকুমার হিরানির সঙ্গে আবার কাজ করতে তাঁর আপত্তি নেই, কিন্তু আবার সেই ‘থ্রি ইডিয়টস’-এ ফেরা তাঁর কাছে বুদ্ধিমানের কাজ বলে মনে হয় না। সোজাসাপটা ভাষায় তিনি বলেন, তাঁর মতে, সেটা “মূর্খামি” হবে।
অন্য দিকে, ‘ফারহান’-এর এই বক্তব্যের পর আমির খানের মন্তব্য পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে। মিস্টার পারফেকশনিস্ট জানান, তিনি নিজে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে কাজ করতে আগ্রহী, কিন্তু এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে তাঁর কাছে কোনও প্রস্তাবই আসেনি। স্মৃতিচারণ করতে গিয়ে আমির বলেন, “এই ছবিটি করতে গিয়ে আমরা ভীষণ মজা করেছি। আজ পর্যন্ত যত চরিত্রে অভিনয় করেছি, তার মধ্যে র্যাঞ্চোই আমার সবচেয়ে জনপ্রিয় চরিত্র। মানুষ এখনও র্যাঞ্চোকে নিয়ে কথা বলে। তাই হ্যাঁ, আমি সিক্যুয়েল করতে চাই। কিন্তু এখনও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।”
এর আগেই শরমন যোশিও একই কথা জানিয়েছিলেন, সিক্যুয়েল নিয়ে তাঁর কাছেও নির্মাতাদের পক্ষ থেকে কোনও প্রস্তাব আসেনি। তবে ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো চলছে, আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ার কারণেই হয়তো আমির, মাধবন ও শরমন, তিনজনেই প্রকাশ্যে খুব বেশি কিছু বলতে চাইছেন না।