প্রভাস-অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোন সরে দাঁড়ানোর জল্পনা জোরদার হওয়ার পর, এবার ছবির নির্মাতারা খুঁজে পেলেন নতুন মুখ।

‘স্পিরিট’ সিনেমা
শেষ আপডেট: 24 May 2025 22:54
দ্য ওয়াল ব্যুরো: প্রভাস-অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোন সরে দাঁড়ানোর জল্পনা জোরদার হওয়ার পর, এবার ছবির নির্মাতারা খুঁজে পেলেন নতুন মুখ। ‘অ্যানিম্যাল’ ও ‘কবীর সিং’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই বহুল প্রতীক্ষিত ছবিতে এবার মুখ্য ভূমিকায় দেখা যাবে তৃপ্তি দিমরিকে।
শনিবার নিজের ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করে ‘স্পিরিট’-এ নিজের উপস্থিতির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তৃপ্তি। তিনি লেখেন, “এখনও বিশ্বাস হচ্ছে না... এই যাত্রার অংশ হতে পেরে কৃতজ্ঞ। ধন্যবাদ @sandeepreddy.vanga… আমি গর্বিত।”
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তৃপ্তিকে। তিনি লিখেছেন, “আমার ছবির প্রধান নারী চরিত্র এখন অফিসিয়ালি ঘোষিত।” এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন প্রভাস ও তৃপ্তি। তাদের জুটি নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। পাশাপাশি, এটি তৃপ্তির দ্বিতীয় ছবি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, প্রযোজক ভূষণ কুমার এবং প্রণয় রেড্ডি ভাঙ্গার সঙ্গে। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন সুপারহিট ছবি ‘অ্যানিম্যাল’-এ, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কপূর।
দীপিকা পাড়ুকোন কেন সরে দাঁড়ালেন?
কিছুদিন আগেই প্রকাশ্যে আসে খবর, দীপিকা পাড়ুকোন 'স্পিরিট' থেকে বেরিয়ে গিয়েছেন। সূত্রের খবর, অভিনেত্রীর বেশ কিছু শর্ত—যেমন দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ, মোটা অঙ্কের পারিশ্রমিক এবং ছবির লাভের একটি শতাংশ দাবি—পরিচালকের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। সদ্য মা হওয়া দীপিকা এখন নাকি কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতেই কম সময় কাজ করতে চাইছেন। আর সেই কারণেই তিনি এই প্রকল্প থেকে সরে আসেন।
প্রসঙ্গত, এটি হলে দীপিকা ও প্রভাসের দ্বিতীয় ছবি হতে পারত ‘কাল্কি ২৮৯৮ এডি’র পরে। ‘স্পিরিট’ ছাড়ার পরে দীপিকা এখন নাকি প্রস্তুত হচ্ছেন আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির আগামী ছবির জন্য। ২০২৩ সালে অ্যাটলির ‘জওয়ান’ ছবিতেও শাহরুখ খানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ক্যামিওতে দেখা গিয়েছিল তাঁকে।