রণবীর সিংয়ের 'ডন ৩' থেকে সরে দাঁড়িয়েছেন বিক্রান্ত মাসে। নতুন খলনায়ক হিসেবে ভাবা হচ্ছে বিগ বস ১৮-এর এই তারকাকে।

'ডন ৩'
শেষ আপডেট: 20 July 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিংয়ের 'ডন থ্রি' নিয়ে বলিউডে উৎসাহ তুঙ্গে। ছবির শ্যুটিং এখন পুরোদমে চলছে। একদিকে রণবীরকে কেন্দ্র করে আগ্রহ, অন্যদিকে নতুন গুঞ্জন—এই ছবির খলনায়কের চরিত্রে কি তবে দেখা যাবে করণবীর মেহরাকে? প্রথমে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল বিক্রান্ত মাসের। তবে কয়েকদিন আগেই জানা যায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এরপর থেকেই নানা মহলে শুরু হয়েছে নতুন খলনায়কের জল্পনা।
‘মিড ডে’-র প্রতিবেদন অনুযায়ী, প্রযোজক সংস্থা এখন বিকল্প হিসেবে বিবেচনা করছে বিগ বস ১৮-এর বিজয়ী ও সদ্য ‘সিলা’ ছবির মাধ্যমে প্রশংসা কুড়োনো করণবীর মেহরাকে। ছবির প্রযোজক সংস্থার ঘনিষ্ঠ এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘‘এখনও আনুষ্ঠানিক কিছু নয়, তবে করণের নাম উঠে এসেছে। ‘সিলা’ ছবিতে তাঁর শারীরিক রূপান্তর এবং পর্দার আত্মবিশ্বাসী উপস্থিতি সকলের নজর কেড়েছে।’’
‘ডন থ্রি’ পরিচালনা করছেন ফারহান আখতার। ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। শাহরুখ খানের পর এই সিরিজে নতুন ডনের ভূমিকায় এসেছেন রণবীর সিং। ফলে ছবিটি ঘিরে আগ্রহ অনেক বেশি।
‘সিলা’ ছবিতে করণবীর মেহরার লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। টিভির গণ্ডি ছাড়িয়ে তাঁর অভিনয় ও মেকওভার প্রশংসা কুড়িয়েছে বলিউডেরও। অভিষেক বচ্চন, অপারশক্তি খুরানা, মুনাওয়ার ফারুকি, মৌনি রায় ও রাহুল দেবের মতো তারকারা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করণের এই নতুন অবতার। এই মুহূর্তে যদিও প্রযোজক সংস্থা কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে করণবীরকে ‘ডন থ্রি’-তে দেখা গেলে নতুন চমক তো বটেই।