আজ, ১লা জুলাই, বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী তাঁর জন্মদিন উদযাপন করছেন। জীবনের কঠিন সময় পেরিয়ে রিয়া আজ নতুন করে নিজেকে গড়ে তুলেছেন।

রিয়া চক্রবর্তী
শেষ আপডেট: 1 July 2025 14:08
দ্য ওয়াল ব্যুরো: আজ, ১লা জুলাই, বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী তাঁর জন্মদিন উদযাপন করছেন। জীবনের কঠিন সময় পেরিয়ে রিয়া আজ নতুন করে নিজেকে গড়ে তুলেছেন।
২০২০ সালের জুনে সুশান্তের মৃত্যুর পর, রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, আর্থিক প্রতারণা এবং মাদক সংক্রান্ত অভিযোগ ওঠে। তিনি ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে এনসিবি গ্রেপ্তার করেছিল এবং রিয়া ২৮ দিন বাইকুলা জেলে কাটান। তবে পরবর্তীতে আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।
যন্ত্রণা থেকে আত্মবিশ্বাসে—‘চ্যাপ্টার ২’-এর গল্প
রিয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার এবং আমার ভাইয়ের কেরিয়ার যেন একেবারে থমকে গিয়েছিল। কেউ আমাদের আর কাজ দিতে চাইছিল না। মিডিয়ার অতিরিক্ত নজর এবং নেতিবাচক প্রচারে আমরা ধ্বংস হয়ে গিয়েছিলাম।’
তবে হার মানেননি রিয়া ও শৌভিক। কঠিন সময়ে তাঁরা একসঙ্গে পথ খুঁজে বের করেন। শুরু করেন তাঁদের নিজস্ব স্ট্রিটওয়্যার ফ্যাশন ব্র্যান্ড ‘Chapter 2’। এই ব্র্যান্ডের বর্তমান বাজারমূল্য ৩৮-৪০ কোটি টাকার মধ্যে বলে জানা গেছে। এই ব্র্যান্ডের স্টোর উদ্বোধনে বহু সেলিব্রিটি উপস্থিত ছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চিত হয়।
টেলিভিশন ও পডকাস্টে প্রত্যাবর্তন
চলচ্চিত্র জগত থেকে সাময়িক বিরতির পর, রিয়া MTV Roadies-এ গ্যাং লিডার হিসেবে ফিরে আসেন। তিনি নিজের পডকাস্ট ‘Chapter 2’-তেও ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে তিনি তাঁর জীবনের অন্ধকার অধ্যায় ও পুনর্জন্মের গল্প তুলে ধরেন।
CBI-র রিপোর্টে স্বস্তি
পাঁচ বছর ধরে চলা তদন্ত শেষে CBI জানিয়েছে যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পিছনে রিয়া বা তাঁর পরিবারের কারওর কোনও হাত ছিল না। এফআইআরে উল্লেখিত কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। এই রিপোর্টে রিয়ার জীবনে নতুন আশার আলো দেখেছে। আজ তাঁর জন্মদিনে, রিয়ার জীবন এক প্রেরণাদায়ক গল্প—কীভাবে মিডিয়া ট্রায়াল, সামাজিক প্ররোচনা, এবং আইনগত সমস্যার মধ্যেও একজন মহিলা নিজের পরিচয় নতুনভাবে গড়ে তুলেছেন।