অভিনেতা অভিমন্যু সিংয়ের বাড়িতে দুঃসাহসিক চুরি! বাথরুমের জানলা ভেঙে ঢুকে কোটি টাকার গয়না লোপাট।

অভিমন্যু সিং
শেষ আপডেট: 9 January 2026 11:53
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা অভিমন্যু সিংয়ের (Abhimanyu Singh) বাড়িতে ঘটে যাওয়া বড়সড় চুরির (Abhimanyu Singh House Theft) ঘটনায় ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তের কাছ থেকে প্রায় ১.৩৭ কোটি টাকা মূল্যের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মনোজ মোহন রাঠোর। তিনি পালঘর জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মনোজের বিরুদ্ধে আগেও একাধিক চুরির মামলা রয়েছে। মুম্বই ও সংলগ্ন এলাকায় নথিভুক্ত অন্তত ১৪টি চুরির ঘটনার সঙ্গে তাঁর যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
ঘটনাটি ঘটে ২৯ ও ৩০ ডিসেম্বরের মাঝরাতে। অন্ধেরি ওয়েস্টের লোখান্ডওয়ালায় অবস্থিত অভিমন্যু সিংয়ের বাংলোতে বাথরুমের জানলা দিয়ে ঢুকে পড়ে অভিযুক্ত। এরপর নগদ টাকা, সোনা, হিরে ও রুপোর গয়না চুরি করে পালায় সে। অভিযোগ অনুযায়ী, একটি সেফের মধ্যে রাখা মূল্যবান সামগ্রী সহ পুরো সেফটিই তুলে নিয়ে যায় চোর।
এই ঘটনার পর অভিমন্যু সিংয়ের ৮২ বছর বয়সি মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে ডিজিটাল তথ্য ও লোকেশন সংক্রান্ত সূত্র বিশ্লেষণ করে সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়।
পালঘরের একটি এলাকায় টানা দু’দিন নজরদারি চালানোর পর মঙ্গলবার অভিযুক্ত মনোজ মোহনকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। জেরার সময় সে নাকি স্বীকার করেছে, চুরি করা গয়নার একাংশ একজন জুয়েলারকে দিয়ে দেয় এবং বাকি সামগ্রী নিজের বাড়িতে লুকিয়ে রাখে।
এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১.৩৭ কোটি টাকা মূল্যের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সঙ্গে অন্য চুরির মামলাগুলির যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আরও কোনও সামগ্রী উদ্ধার করা সম্ভব কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
উল্লেখ্য, অভিমন্যু সিং একজন বহুমুখী অভিনেতা হিসেবে পরিচিত। হিন্দি, তেলুগু ও তামিল ছবিতে নেতিবাচক ও বাস্তবধর্মী চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত। বিহারে জন্ম নেওয়া এই অভিনেতা থিয়েটার ও টেলিভিশনের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘অক্ষ’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি।
২০০৯ সালে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘গুলাল’ ছবিতে অভিনয় করে বিশেষ প্রশংসা কুড়ান অভিমন্যু, যা তাঁর কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে ধরা হয়। এরপর ‘রক্ত চরিত’, ‘রাম-লীলা’, ‘সূর্যবংশী’, ‘বচ্চন পাণ্ডে’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘এল২: এমপুরান’, ‘দেবরা’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।