পর্দার বাইরে তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, কেউই কখনও প্রকাশ্যে তা বুঝতে দেননি। তবে ইন্ডাস্ট্রির বহু মানুষ সে সময় নানা ঘটনার সাক্ষী থাকার দাবি করেছেন। ইয়াসের উসমান রচিত ‘Rekha: The Untold Story’ বইতেও উঠে এসেছে তেমনই এক বিতর্কিত অধ্যায়।

শেষ আপডেট: 12 February 2026 18:08
দ্য ওয়াল ব্যুরো: সত্তর ও আশির দশকে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও রেখার (Rekha) সম্পর্ক নিয়ে জল্পনা ছিল বলিউডের সবচেয়ে আলোচিত। পর্দার বাইরে তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, কেউই কখনও প্রকাশ্যে তা বুঝতে দেননি। তবে ইন্ডাস্ট্রির বহু মানুষ সে সময় নানা ঘটনার সাক্ষী থাকার দাবি করেছেন। ইয়াসের উসমান রচিত ‘Rekha: The Untold Story’ বইতেও উঠে এসেছে তেমনই এক বিতর্কিত অধ্যায়।
কী ঘটেছিল শুটিং সেটে?
বইয়ের পাতায় চোখ রাখলেই নজরে আসে, ‘লাওয়ারিস’ ছবির শুটিং চলাকালীন এক ইরানি অভিনেত্রীর সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতা ঘিরে নাকি বেশ শোরগোল তৈরি হয়। পরিচালক প্রকাশ মেহরা সেই ঘটনার কথা স্মরণ করে বলেছেন, নটরাজ স্টুডিওর সেটে অমিতাভ ও রেখার মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে রেখা মানসিকভাবে ভেঙে পড়েন। মেহরার কথায়, পুরো ঘটনাটি ঘিরেই এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। সেই সময়ের একটি গসিপ পত্রিকা এমনও দাবি করেছিল যে পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত গড়ায়, যদিও তার সত্যতা নিশ্চিত করা যায়নি।
মন ভাঙে রেখার
এই ঘটনার পরই নাকি রেখা ধীরে ধীরে ভেঙে পড়েন এবং ‘সিলসিলা’ ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এমনকি যশ চোপড়াকে আগে থেকে নেওয়া পারিশ্রমিক বাবদ টাকাও ফিরিয়ে দেন বলে জানা যায়। ফলে ছবিটি একটা সময় অনিশ্চয়তার মুখে পড়ে।
পরবর্তীতে সেই ছবিকে বাঁচাতে যশ চোপড়া নতুন কাস্টিংয়ের চেষ্টা শুরু করেন। অমিতাভ বচ্চন থাকলেও ‘অন্য নারী’র চরিত্রে ভাবা হয় পদ্মিনী কোলহাপুরেকে। স্ত্রীর ভূমিকায় পুনম ঢিলনের নামও ওঠে, যা পরবর্তীতে যায় জয়া বচ্চনের ঝুলিতে যায়। কিন্তু নতুন এই পরিকল্পনায় পরিচালক সন্তুষ্ট ছিলেন না।
এরপর রেখার জায়গায় পারভিন বাবিকে এবং প্রত্যাখ্যাত স্ত্রীর চরিত্রে স্মিতা পাটিলকে নেওয়ার সিদ্ধান্ত হয়। নতুন কাস্ট নিয়ে কাশ্মীরে শুটিংও শুরু হয়। তবু যশ চোপড়ার মনে হচ্ছিল, ছবির আবেগের যে তীব্রতা তিনি কল্পনা করেছিলেন, তা যেন হারিয়ে যাচ্ছে।
শেষ পর্যন্ত কীভাবে রাজি হন রেখা?
শেষ পর্যন্ত অনেক বোঝাপড়া ও আলোচনার পর আবার রেখাকেই ফিরিয়ে আনেন যশ চোপড়া। অভিনেতা রণজিৎ এক পুরনো সাক্ষাৎকারে দাবি করেছিলেন, পারভিন বাবি এই পরিবর্তনে ভীষণভাবে আঘাত পেয়েছিলেন এবং কেঁদে ফেলেছিলেন।
‘সিলসিলা’ শেষ পর্যন্ত মুক্তি পায় অমিতাভ, জয়া ও রেখাকে নিয়েই, আর সেই ত্রিভুজ সম্পর্কের গল্প যেন বাস্তবের গুঞ্জনকেও নতুন মাত্রা দেয়। আজও সেই সময়ের ঘটনা বলিউডের ইতিহাসে এক রহস্যঘেরা অধ্যায় হয়ে রয়ে গিয়েছে।