একবার ছোট বোনের বিয়ের টাকার জোগাড় করতে সুখেন একটি ফাংশন অর্গানাইজ করেছিলেন। সেই অনুষ্ঠানেও নানা ভাবে সাহায্য করেন ভানু।
.jpeg.webp)
গ্রাফিক্স: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 26 August 2025 18:34
সুখেন দাস প্রবল অভাবের ভিতর থেকে তাঁর প্রতিভা নিয়ে বেরিয়ে এসে টালিগঞ্জ পাড়ায় সাফল্য পান। স্পটবয় থেকে শিশুশিল্পী হয়ে পরিচালক, প্রযোজক হন। বড় বড় শিল্পীদের আশীর্বাদ,স্নেহ পেয়ে পাকা অভিনেতা হয়ে ওঠেন তিনি। ছোট বয়সেই ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয় সুখেনের।
সুখেন শিশুশিল্পী রূপে প্রথম জনপ্রিয়তা পান 'লালুভুলু' ছবি করে।

ভানুর সঙ্গে সুখেনের আলাপ 'নতুন ইহুদি' নাটকে।
ভানু বন্দ্যোপাধ্যায় জানতেন সুখেনের অভাবের সংসারের কথা। তখন রোজকার রোজগারের জন্য পেশাদার মঞ্চেও অভিনয় করতেন সুখেন। 'স্টার থিয়েটার'-এ ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতেন সুখেন দাস। নাটক শেষে ভানু একদিন সুখেনকে বললেন 'তোর পয়সা বাঁচবে, এখন থেকে তুই আমার গাড়িতে করেই বাড়ি ফিরবি।'
সুখেনের অভাব অনটনের নানা কথাতেই ভানু বুঝতে পারতেন ভানু।
একদিনের ঘটনা, থিয়েটারের শেষে নিয়মমাফিক সুখেন তাঁর ভানুদার বাড়িতেই বাড়ি ফিরছেন। হঠাৎ ধর্মতলা এসে ভানু বললেন 'তুই এখানে নেমে যা! আমি অন্য জায়গায় যাব। আর তোর কাছে এই টাকা রেখে দে।'

তখনকার দিনে ট্যাক্সি ভাড়াও বেশি ছিল না। অথচ হাতের মুঠোয় ভানুদার দেওয়া কুড়ি টাকা দেখে সুখেন ভাবলেন যদিও ট্যাক্সি করে বাড়ি ফেরার জন্য ভানুদা এই টাকা দিয়ে থাকেন, তবু এই টাকা অনেক বেশি। তবে কেন ভানু বন্দ্যোপাধ্যায় এত টাকা দিলেন! পরে বাড়ি গিয়ে সুখেন ভাবলেন 'ভানুদা সাহায্যের নামে সাহায্য করতে চান না বলেই, এভাবে ট্যাক্সি ভাড়ার নামে সাহায্য করলেন। ভানুর ঐ টাকায় বেশ কয়েকদিন সুখেনের সংসার চলেছিল।
আবার একবার ছোট বোনের বিয়ের টাকার জোগাড় করতে সুখেন একটি ফাংশন অর্গানাইজ করেছিলেন। সেই অনুষ্ঠানেও নানা ভাবে সাহায্য করেন ভানু।
পরবর্তীকালে সুখেন দাস যখন 'প্রতিশোধ' ছবি করলেন তখন ভানু বন্দ্যোপাধ্যায়কে অভিনয়ে নেন। ভানু তখন বেশ অসুস্থ। তবু এই ছবিতে উত্তমকুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় সবাই একসঙ্গে অভিনয় করেছিলেন। উত্তমকুমার এই ছবি শেষ করে যেতে পারেননি। উত্তমকুমার মারা যাবার পর রিলিজ করে 'প্রতিশোধ'। সুখেন দাসের পরিচালনায় ও তাঁর দাদা অজয় দাসের সুরে এই মিউজিকাল ছবি সুপার ডুপার হিট করেছিল।