বিতর্কের পরও দর্শক টানতে পারল না ‘The Kerala Story 2’। কেরলের একাধিক হলে বাতিল শো।

'দ্য কেরালা স্টোরি ২'
শেষ আপডেট: 1 March 2026 19:23
দ্য ওয়াল ব্যুরো: 'দ্য কেরালা স্টোরি ২' (The Kerala Story 2: Goes Beyond) মুক্তি পেয়েছে ২৭ ফেব্রুয়ারি, ২০২৬। তবে কেরলের একাধিক প্রেক্ষাগৃহে ছবির দর্শক উপস্থিতি আশানুরূপ হয়নি। কোচি, ত্রিশূর এবং কোঝিকোডের কিছু হলে প্রথম রাতেই পর্যাপ্ত দর্শক না থাকায় শো বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় দিনেও অগ্রিম বুকিং সীমিত বলেই খবর।
তিরুবনন্তপুরমে লুলু মল, মল অব ট্রাভানকোর, অ্যারিস এবং গ্রিনফিল্ড সিনেমাসে ছবির শো নির্ধারিত হয়েছে। বর্তমান বুকিং অনুযায়ী, লুলু মলে বিক্রি হয়েছে প্রায় ২৫টি টিকিট, আর অ্যারিসে দুপুর ২.৪৫-এর শোর জন্য বুকিং হয়েছে মাত্র পাঁচটি। হল কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, ন্যূনতম ১০টি টিকিট বিক্রি হলে তবেই শো চালানো হবে।
কমাখ্যা নারায়ণ সিং পরিচালিত এবং বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত এই ছবির কেন্দ্রে রয়েছে দাবি—কিছু তরুণী হিন্দু নারী আন্তঃধর্মীয় বিবাহের প্রলোভনে পড়ে পরে নির্যাতন ও জোরপূর্বক ধর্মান্তরের শিকার হন। ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটি বিতর্ক এবং আলোচনার কেন্দ্রে উঠে আসে।
ছবির কাহিনি বিবাহ-পরবর্তী জীবনের অভিজ্ঞতা ঘিরে আবর্তিত, যেখানে আবেগগত নিঃসঙ্গতা ও টানাপড়েনের সম্পর্ককে তুলে ধরা হয়েছে। নির্মাতাদের বক্তব্য অনুযায়ী, ছবিটি বিশেষ করে তরুণীদের উদ্দেশে এক সতর্কবার্তা, আন্তঃধর্মীয় প্রেম বা সম্পর্ক ব্যক্তিসত্তা ও স্বাধীনতার ক্ষতির কারণ হতে পারে, এমন বার্তাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। The Kerala Story 2-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উল্কা গুপ্তা, আদিতি ভাটিয়া এবং ঐশ্বর্য ওঝা।