এথেন্সের হোটেলে মিলল ‘তেহরান’-এর প্রযোজক ডানা ইডেনের দেহ! আত্মহত্যা নাকি অন্য কিছু? তদন্তে নেমেছে পুলিশ, রহস্য ঘনীভূত আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায়।

ডানা ইডেন
শেষ আপডেট: 17 February 2026 17:43
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক বিনোদন জগতে হঠাৎ করেই নেমে এসেছে শোকের ছায়া। ইজরায়েলি টেলিভিশনের অন্যতম প্রভাবশালী প্রযোজক ডানা ইডেন-এর (Dana Eden) আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে গভীর চাঞ্চল্য। জনপ্রিয় স্পাই-থ্রিলার সিরিজ তেহরান-এর (Tehran series) শুটিংয়ের কাজে তিনি তখন আথেন্স-এ অবস্থান করছিলেন। সেখানকার একটি হোটেল কক্ষ থেকেই ৫২ বছর বয়সী এই প্রযোজকের নিথর দেহ উদ্ধার করা হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সহ একাধিক ইজরায়েলি সংবাদমাধ্যম এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে গ্রিক পুলিশ। তাদের প্রাথমিক বক্তব্য, মৃত্যুর নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে ঘটনাটিকে সম্ভাব্য আত্মহত্যা হিসেবে দেখা হচ্ছে। আপাতত কোনও হামলা বা অপরাধমূলক ষড়যন্ত্রের ইঙ্গিত মেলেনি। পুলিশ সূত্রে জানা গেছে, বহুবার যোগাযোগ করেও কোনও সাড়া না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে ইডেনের ভাই কর্তৃপক্ষকে খবর দেন। এরপর হোটেল কক্ষে গিয়ে তাঁর দেহ উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
‘তেহরান’ সিরিজটির প্রযোজনা সংস্থার তরফেও শোকবার্তা প্রকাশ করা হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, “পরিবার, বন্ধু এবং সহকর্মীদের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক সময়। আমরা অনুরোধ করছি, ডানার মর্যাদা এবং তাঁর পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানো হোক।” একই সঙ্গে সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই মৃত্যুকে ঘিরে রাজনৈতিক বা জাতীয় স্বার্থ জড়িয়ে রয়েছে, এমন কোনও জল্পনার ভিত্তি নেই।
ইজরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মিকি জোহার সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করে লিখেছেন, “ডানা ছিলেন ইজরায়েলি টেলিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযোজক। তাঁর সাহস, প্রতিভা ও নিষ্ঠা আমাদের গল্পকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরেছে।”
ডানা ইডেন ছিলেন ‘তেহরান’ সিরিজটির প্রধান নির্মাতাদের একজন। সহ-স্রষ্টা মোশে জনডার এবং মাওর কোন-এর সঙ্গে তিনি এই সিরিজের সৃজনশীল নেতৃত্বে ছিলেন। সাইবার যুদ্ধ, গুপ্তচরবৃত্তি এবং রাজনৈতিক টানাপোড়েনের পটভূমিতে তৈরি এই সিরিজ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। সিরিজটির সাম্প্রতিক তৃতীয় সিজনে অভিনয় করেছেন হিউ লরি, আর প্রধান চরিত্রে রয়েছেন নিভ সুলতান। এছাড়াও শন তৌব, শিলা অম্মি, অতিথি চরিত্রে স্যাশন গ্যাবাই, ফোনিক্স রাই এবং ভার পার্স অভিনয় করেছেন।