‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ শিরোনামের এই সিক্যুয়েলের শুটিংয়ের জন্য মুম্বইয়ে অনুমতি চাওয়ার ক্ষেত্রে বি৬২ স্টুডিওসকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেষ আপডেট: 17 February 2026 17:19
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)-এর বহু প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2) মুক্তির আগেই জটিলতায়। রণবীর সিং (Ranveer Singh) অভিনীত এই ছবির প্রযোজনা সংস্থা বি৬২ স্টুডিওসকে নিষিদ্ধ করেছে বৃহন্মুম্বই পুরসভা (BMC)। অভিযোগ, শুটিং চলাকালীন একাধিকবার নিরাপত্তা বিধি ভঙ্গ করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ শিরোনামের এই সিক্যুয়েলের শুটিংয়ের জন্য মুম্বইয়ে অনুমতি চাওয়ার ক্ষেত্রে বি৬২ স্টুডিওসকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার জোন ১-এর উপ-মিউনিসিপ্যাল কমিশনার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। পাশাপাশি কোমল পোখরিয়াল ও নাসির খানের নামেও ভবিষ্যতে শুটিং অনুমতির আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।
কী অভিযোগ ওঠে?
অভিযোগ, নির্দিষ্ট অনুমতি ছাড়াই একটি ভবনের ছাদে শুটিং করা হয় এবং দুটি জেনারেটর ভ্যান চালানো হয়েছিল। এ ছাড়া পুলিশ বিভাগের শর্ত অনুযায়ী দাহ্য পদার্থ বা আতশবাজি ব্যবহার নিষিদ্ধ থাকলেও তা লঙ্ঘন করা হয়েছে বলে দাবি। এই ঘটনায় আগেই জমা দেওয়া ২৫ হাজার টাকার আমানত বাজেয়াপ্ত করা হয়েছে এবং অতিরিক্ত এক লক্ষ টাকা জরিমানার প্রস্তাবও দেওয়া হয়েছে।
ফেব্রুয়ারির ৭ ও ৮ তারিখে প্রথমবার এই ওয়ার্ড এলাকায় শুটিং সেটে অনিয়ম ধরা পড়ে। সতর্কবার্তার পরেও নতুন করে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুটিংয়ের আবেদন করা হয়। প্রথম আবেদন বাতিল হলেও পরে মাঝরাতে শুটিংয়ের জন্য সংশোধিত আবেদন জমা পড়ে বলে জানা গিয়েছে।
এই পরিস্থিতিতে ছবির ভবিষ্যৎ শুটিং সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রযোজনা সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ছবি ঘিরে যে বেজায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা একপ্রকার স্পষ্ট। সামনেই ছবির মুক্তি, ফলে এই পরিস্থিতিতে শুটিং স্থগিত হওয়া বেজায় চিন্তার।