একসময় ভেবেছিলেন ৩০ পেরোলেই অভিনয় শেষ। কিন্তু এখন সময় বদলেছে— বলছেন তামান্না ভাটিয়া। বয়স নয়, প্রতিভাই এখন মুখ্য, জানালেন অভিনেত্রী।

তামান্না ভাটিয়া
শেষ আপডেট: 28 October 2025 23:38
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ধারণা ছিল, একটি নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে অভিনেত্রীদের পর্দায় লাস্যময়ী বা গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করা হয় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ধারণা ভাঙলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রি বদলেছে এবং এখন ৩০-এর কোঠা পার করেও অভিনেত্রীরা অনেক নতুন ও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন।
তামান্না স্বীকার করেন, যখন তিনি ২০-এর কোঠায় বলিউডে পা রেখেছিলেন, তখন তাঁরও একটি নির্দিষ্ট পরিকল্পনা ছিল। তিনি বলেন, "আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন আমার বয়স কম ছিল। আমি ভেবেছিলাম ১০ বছর কাজ করব। ৩০-এ পা দিলেই বিয়ে করে সংসার করব, বাচ্চা মানুষ করব।"
এমন ভাবনার কারণও তিনি জানিয়েছেন। নায়িকা বলেন, আগেকার দিনে কমবয়সি অভিনেত্রী ছাড়া অন্য কাউকে কাস্ট করা হত না। সেই পুরনো 'ট্রেন্ড' দেখেই তিনি এমনটা ভেবেছিলেন।
তবে ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে তিনি এখন ৩০ পেরিয়ে গেছেন এবং তাঁর ধারণা বদলেছে। তামান্না বলেন, "কিন্তু ইন্ডাস্ট্রিতে এখন অনেক কিছু বদলে গিয়েছে। কাজের ধরন পাল্টেছে। এখন মধ্যবয়সী অভিনেত্রীদের জন্য আলাদা করে চরিত্র তৈরি হচ্ছে। পর্দায় সেই চরিত্রগুলির যথেষ্ট গুরুত্বও রয়েছে।"
তাঁর মনে হচ্ছে, তাঁর আরও অনেক কিছু দেওয়ার আছে ইন্ডাস্ট্রিকে। তামান্নার কথায়, "বয়সটা এখন কোনও ফ্যাক্টর নয়।" এই মন্তব্য থেকেই স্পষ্ট, অভিনয় জীবনে আরও দীর্ঘ সময় থাকার জন্য প্রস্তুত এই অভিনেত্রী।