অভিনেতা সতীশ শাহের মৃত্যু নিয়ে নতুন তথ্য সামনে এল। সহ-অভিনেতা রাজেশ কুমারের দাবি, কিডনি নয়, হৃদরোগেই প্রয়াত হয়েছেন ৭৪ বছরের এই তারকা। শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন হাসিখুশি।

সতীশ শাহ
শেষ আপডেট: 28 October 2025 20:45
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ। তাঁর মৃত্যু নিয়ে পারিবারিক সূত্রের দেওয়া তথ্যে এবার নতুন মোড় এল। যদিও প্রথমে জানা গিয়েছিল ৭৪ বছর বয়সী এই অভিনেতা কিডনি বিকল হয়ে মারা গিয়েছেন, কিন্তু তাঁর সহ-অভিনেতা রাজেশ কুমার জানালেন সম্পূর্ণ ভিন্ন কথা।
অভিনেতা রাজকুমারের দাবি, কিডনির সমস্যার কারণে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সতীশের। রাজকুমার বলেন, "সতীশ বান্দ্রার বাড়িতে খাবার খাচ্ছিলেন। খাবার খাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি।"
তিনি আরও জানান যে সতীশের কিডনির সমস্যা ছিল বটে, তবে তা গুরুতর ছিল না। রাজকুমারের কথায়, "ওঁর কিডনির রোগ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল।" পরিবার সূত্রে আগে জানানো হয়েছিল, কিডনির অস্ত্রোপচারের পর অভিনেতা ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন, কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে।
সতীশের মৃত্যু প্রসঙ্গে আরও তথ্য দিয়েছেন জনপ্রিয় ধারাবাহিক 'সারাভাই ভার্সেস সারাভাই'-এর স্রষ্টা জেডি মাজেথিয়া। তিনি জানান, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সতীশ শাহ হাসিখুশি ছিলেন, "মৃত্যুর কয়েক ঘণ্টা আগে রত্না পাঠক শাহের সঙ্গে কথা বলেছিলেন সতীশ। সেদিন সকালে অতীশ কাপাডিয়ার সঙ্গেও কথা বলেন তিনি। তার পর কীভাবে কী হয়ে গেল, আমি ভাবতে পারছি না।"