
শেষ আপডেট: 29 June 2023 13:12
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল, শুক্রবার বড়পর্দায় মুক্তি পাবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের 'শিবপুর'। এরমধ্যেই অনুরাগীদের জন্য আরও বড় খবর নিয়ে এলেন তিনি। খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আসছে অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ। যার নাম ও মুক্তির তারিখ ঘোষণা হল, এমনকী প্রকাশ্যেএল পোস্টারও। সিরিজের নাম 'নিখোঁজ'। স্বস্তিকা ছাড়াও মুখ্য ভূমিকায় আছেন টোটা রায়চৌধুরী। আগামী ১১ অগস্ট থেকে শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং।

নির্মাতাদের তরফে যে পোস্টারটি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, টেবিলের উপর দু'হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে রয়েছেন স্বস্তিকা ওরফে ডিসিপি বৃন্দা বসু। টেবিলের উপর রাখা তাঁর নেমপ্লেট। পরনে ফর্ম্যাল পোশাক। অর্থাৎ, স্বস্তিকা যে একজন পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন, তার সরাসরি আভাস রয়েছে পোস্টারেই। অন্যদিকে পিছনে দাঁড়িয়ে রয়েছেন টোটা। যদিও তাঁর চরিত্র সম্পর্কে কিছুই বোঝা যায়নি পোস্টারে। সিরিজটি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী।

সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টার শেয়ারের পর স্বস্তিকার অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন। একজন লেখেন, 'আপনাকে নতুন চরিত্রে দেখতে অত্যন্ত আগ্রহী। শুভেচ্ছা।' অপর একজন লেখেন, 'আরও একটি দুর্দান্ত কাজ দেখার জন্য অপেক্ষা করছি।' অভিনেত্রীর আরও এক অনুরাগী লেখেন, 'স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় দেখার জন্য সবসময় মুখিয়ে থাকি। ওঁর অভিনয়, বাচনভঙ্গি, স্টাইল সেন্স খুবই ভাল লাগে।'
এদিকে 'নিখোঁজ' ওয়েব সিরিজের পোস্টার শেয়ার করে 'হইচই' ক্যাপশনে লেখে, 'কী হয় যখন রহস্য হয়ে ওঠে পার্সোনাল? এক মায়ের নিজের মেয়েকে খোঁজার পালা শুরু হতে চলেছে খুব শিগগিরই।' আর এই ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে যে, স্বস্তিকাকে শুধু একজন পুলিশ অফিসারের চরিত্রে নয়, বরং একজন মায়ের ভূমিকাও পালন করতে দেখা যাবে। শহরের এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের নিজেকে মেয়েকে খোঁজার লড়াই উঠে আসবে 'নিখোঁজ'-এ।
বাংলায় প্রথম মহিলা গ্যাংস্টার হয়ে ৩০ জুন বড় পর্দায় আসছেন স্বস্তিকা