
শেষ আপডেট: 1 September 2023 06:19
দ্য ওয়াল ব্যুরো: ছবি মুক্তির এক সপ্তাহ আগে প্রকাশ্যে এসেছে ‘জওয়ান’ (Jawan)-এর ট্রেলার। আগামী বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর দেশজুড়ে শাহরুখের এই ছবিটি রিলিজ হবে। এবছর ‘পাঠান’-এর অভাবনীয় সাফল্যের পর এখনও অবধি শাহরুখই বলিউডের ‘ফার্স্ট বয়’-এর তকমা ধরে রেখেছেন। এবার ‘জওয়ান’ দিয়ে বাকিদের আরও কয়েক যোজন পিছনে ফেলতে মরিয়া অভিনেতা। আর এই সুযোগ হাতছাড়া করতে চান না টলিউডের ‘ফার্স্ট বয়’ সৃজিত মুখোপাধ্যায়ও। ছবি ভাল ব্যবসা করুক বা মোটামুটি, সৃজিত বহু বছর ধরেই এই তকমাটি নিজের নামের সঙ্গে ধরে রেখেছেন। আর এবার তিনি শাহরুখের ছবির সঙ্গে নিজের ছবির নামও জুড়ে দিতে চাইছেন। একই পরিকল্পনা রয়েছে এসভিএফের (SVF)।
আগামী দুর্গাপুজোতেই মুক্তি পাবে সৃজিতের নতুন সিনেমা ‘দশম অবতার’ (Dawshom Awbotaar)। টলিউডে প্রথম কপ ইউনিভার্স নিয়ে আসছেন তিনিই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো তারকা সমৃদ্ধ এই সিনেমাটি নিয়ে ইতিমধ্যে দর্শক মহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে। সেই আগ্রহকেই উন্মাদনার পর্যায়ে নিয়ে যেতে চাইছেন পরিচালক সৃজিত ও প্রযোজনা সংস্থা এসভিএফের কর্ণধাররা। তাই তাঁরা ঠিক করেছেন, এই রাজ্যে যতগুলি প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ মুক্তি পাবে, সেখানে ছবির আগে জুড়ে দেওয়া হবে ‘দশম অবতার’-এর টিজার। যদিও এটা এখনও ভাবনার পর্যায়ে। বৃহস্পতিবার ছবি মুক্তির আগে অবধি তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বর্তমানে তাঁরা টলিউডের সবথেকে বড় প্রযোজনা সংস্থা হলেও এই পরিবেশনা দিয়েই সিনেমাজগতে তাদের যাত্রা শুরু হয়েছিল সেই নয়ের দশকের মাঝামাঝি থেকে। তাঁরা বিলক্ষণ বুঝতে পারছেন, শাহরুখের ছবি দেখতে এবারও হল ভরিয়ে দেবেন দর্শকরা। আর এই অবস্থায় যদি সিনেমা শুরুর আগে নিজেদের ছবির টিজার দেখিয়ে দেওয়া যায়, তাহলে বড়সড় প্রচারের কাজ করবে বলেই মনে করা হচ্ছে। ‘দশম অবতার’ পুজোতে রিলিজ হবে। তাই তার আগে ‘জওয়ান’ মুক্তির সময় এত বড় সুযোগ হাতছাড়া করতে চাইছে না এসভিএফ।
শাহরুখের জওয়ানের ট্রেলার এল, দর্শক টানতে হিংসাতেই ভরসা রাখলেন ‘রোম্যান্স কিং’