শাহরুখের বহু সিনেমার সহ-অভিনেত্রী সুস্মিতা সেন মনে থাকার মতো কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এক সাক্ষাৎকারে।

শাহরুখ খান-সুস্মিতা সেন
শেষ আপডেট: 10 June 2025 15:22
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান, নামটাই কাফি! ‘বলিউডের শেষ সুপারস্টার’- যাঁর রোম্যান্স শুধু পর্দাতেই নয়, সহ-অভিনেতা বা অভিনেত্রীদের হৃদয়ও ছুঁয়ে যায়। তাঁর সৌজন্য এবং আন্তরিক ব্যবহার সকলকে মুগ্ধ হতে করে। তাঁর বহু সিনেমার সহ-অভিনেত্রী সুস্মিতা সেন এমনই এক মনে থাকার মতো অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
শাহরুখ মানেই রোম্যান্সের বাদশা। ‘ম্যায় হুঁ না’ ছবির শ্যুটিং সেটে সুস্মিতা তাঁর সঙ্গে কাটিয়েছেন একঝাঁক সেরা মুহূর্ত। এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘শাহরুখ বলতেন, তিনি একটা খুঁটির সঙ্গেও রোম্যান্স করতে পারেন। সেটা কিন্তু একেবারে সত্যি। একটুও ভুল নেই তাতে। ‘ম্যায় হুঁ না’-তে এমন অনেক মুহূর্ত আছে যা একদমই স্ক্রিপ্টে ছিল না। শাহরুখ নিজেই সেগুলো তৈরি করেছেন এবং সেগুলো জাস্ট ম্যাজিক।’
তিনি আরও জানান, ‘চাঁদনি (সুস্মিতার চরিত্র) যখন ছবিতে এন্ট্রি নেয়, তখন শাহরুখের চরিত্রের উপস্থিতি স্ক্রিপ্টে ছিল না। কিন্তু তিনি নিজের সিগনেচার স্টাইলে দু’হাত বাড়িয়ে দাঁড়ালেন। সেই দৃশ্যটাই আইকনিক হয়ে গেল। এ রকম অসংখ্য মুহূর্ত আছে ছবিটিতে।’
সুস্মিতা সেন স্পষ্টই বলেন, ‘শাহরুখ শুধু সহ-অভিনেতা নন, একজন দারুণ মানুষও। সেটে আমাদের সকলের আরাম ও নিরাপত্তা তিনি নিজে নিশ্চিত করতেন। তিনি এতটাই ভদ্র, সকলের যত্ন নেন, সবার খেয়াল রাখেন যে, গোটা সেট যেন আমাদের দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছিল।’
এই কারণেই সুস্মিতা মনে করেন। শাহরুখ তাঁর সবচেয়ে প্রিয় সহ-অভিনেতাদের মধ্যে একজন। তিনি নিজেও শাহরুখ খানের বিশাল বড় অনুরাগী।
শাহরুখ খান এখন ব্যস্ত তাঁর আসন্ন বড় প্রোজেক্ট ‘কিং’-এর শ্যুটিং নিয়ে। এই ছবিতে প্রথমবার তিনি পর্দায় আসছেন মেয়ে সুহানা খানের সঙ্গে। ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা প্রমুখ। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবি মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের শেষদিকে, খুব সম্ভবত অক্টোবর থেকে ডিসেম্বর নাগাদ।