সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, কিং খান যেভাবে যত্ন করে, তা আজও ছুঁয়ে যায় আজকের প্রজন্মকে।

শাহরুখ খান ও অনন্যা পান্ডে
শেষ আপডেট: 4 June 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান শুধু সুপারস্টার নন, তিনি একজন অসাধারণ বাবা—এই মন্তব্য অনন্যা পান্ডের। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, কিং খান যেভাবে যত্ন করে, তা আজও ছুঁয়ে যায় আজকের প্রজন্মকে।
শাহরুখকে ‘একজন অনন্য মানুষ’ আখ্যা দিয়ে অনন্যা বলেন, “তিনি আমাদের সকলকে খেলার সময় বা তায়কোয়ান্দো প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতেন। তিনি সব সময় আমাদের জীবনে উপস্থিত ছিলেন। আজও তিনি জানার চেষ্টা করেন, আমরা কী করছি, কোথায় যাচ্ছি। এমন একজন মানুষ, যিনি যখন কথা বলেন, মনে হয় আপনি-ই পৃথিবীর একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওঁর মতো কেউ নেই।”
শুধু শাহরুখ নন, অনন্যা শাহরুখের পরিবারেরও খুব কাছের। সুহানা খান তাঁর সবচেয়ে কাছের বন্ধুদের একজন। তাঁদের শৈশব কেটেছে একসঙ্গে। অনন্যাকে বহুবার দেখা গেছে আরিয়ান এবং ছোট্ট আব্রামের সঙ্গেও সময় কাটাতে।
২০১৯ সালে এশিয়ান এইজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা বলেছিলেন, “শাহরুখ খান আমার দ্বিতীয় বাবার মতো। আমরা আইপিএলের সব ম্যাচই ওঁর সঙ্গে গিয়েছি। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরা হল সুহানা এবং শানায়া (সঞ্জয় কাপুরের মেয়ে)। আমরা সবকিছু ভাগ করে নিই।”
অনন্যাকে শেষ দেখা গিয়েছে করণ সিং ত্যাগীর পরিচালনায়, ‘কেশরী চ্যাপ্টার ২’-এ, যেখানে ছিলেন অক্ষয় কুমার ও আর মাধবন। আসন্ন ছবিগুলির তালিকায় রয়েছে রোম্যান্টিক ড্রামা ‘তু মেরি ম্যায় তেরা’, যেখানে তিনি জুটি বাঁধবেন কার্তিক আরিয়ানের সঙ্গে। এটি পরিচালনা করছেন সমীর বিদ্বান, প্রযোজনায় করণ জোহরের ধর্মা প্রোডাকশন। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি। আরও একটি প্রতীক্ষিত ছবির নাম ‘চাঁদ মেরা দিল’। এই ছবিতে অনন্যার বিপরীতে থাকবেন লক্ষ্য। পরিচালনায় বিবেক সোনি। মুক্তির সম্ভাব্য সময় ২০২৫ সাল।