
শেষ আপডেট: 21 July 2022 06:53
দ্য ওয়াল ব্যুরো: ললিত মোদী নন, সুস্মিতা সেনকে (susmita sen) সবচেয়ে বেশি ভালবাসে তাঁর মেয়ে রিনি। ইনস্টাগ্রামে বুধবার সেকথাই সোচ্চারে ঘোষণা করেছে সে।
দুই মেয়েকে দত্তক নিয়েছেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। রিনি (Renee Sen) আর আলিশাই তাঁর প্রাণ। তাঁদের আঁকড়েই জীবন কাটিয়ে দিয়েছেন সুস্মিতা সেন। জীবনে প্রেম, সম্পর্ক এসেছে বারবার, তবে মেয়েরা থেকেছে ধ্রুবক।

সম্প্রতি ললিত মোদীর (Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্কের কথা জানাজানি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ৫৮ বছর বয়সি মোদী নিজেই জানিয়েছেন তাঁদের সম্পর্কের কথা। সুস্মিতাও তাতে সায় দিয়েছেন অন্য পোস্টে। তাঁদের এই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেচ্ছ কাটাছেঁড়া চলছে। তার মাঝেই সুস্মিতার মেয়ে রিনি জানিয়ে দিল, তার চেয়ে বেশি মাকে আর কেউ ভালবাসতেই পারে না।
বুধবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন সুস্মিতা। তাতে দেখা গেছে নীল পোশাকে নীলাম্বরী প্রাক্তন বিশ্ব সুন্দরী। পরে আছেন কালো চওড়া ফ্রেমের সানগ্লাস। ছবিটির সঙ্গে সুস্মিতা লিখেছেন, ‘আই লাভ ইউ গাইজ’।
মায়ের এই ছবির নীচে কমেন্ট করেছে মেয়ে রিনি। ‘আই লাভ ইউ মোস্টেস্টেস... এখানেই কথা শেষ।’ (আমি তোমাকে সবচেয়ে সবচেয়ে সবচেয়েএএ ভালবাসি… আর কোনও কথা হবে না)।
সুস্মিতার সঙ্গে ললিত মোদীর সম্পর্কের রসায়ন নিয়ে যখন চারদিক তোলপাড়, চর্চা যখন থামানো যাচ্ছে না, তখন ইনস্টাগ্রামের ছবির কমেন্টবক্সে সময় বুঝে ঠিক মনের কথা জানিয়ে দিল রিনি। সকলকে পষ্টাপষ্টি বলে দিল তার চাইতে বেশি তার মাকে আর কেউ ভালবাসতে পারবেই না।
আরও পড়ুন: ঢিলে পোশাকের আড়ালে বেবি বাম্প? ঐশ্বর্যও কি মা হতে চলেছেন আবার?