২৫ বছর আগে এক সিদ্ধান্ত বদলে দিয়েছিল তাঁর জীবন। আজ সেই মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন সুস্মিতা সেন।

রেনের ২৫তম জন্মদিন
শেষ আপডেট: 4 September 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: ২৫ বছর আগে এক সিদ্ধান্ত তাঁর জীবন বদলে দিয়েছিল। আজ সেই সিদ্ধান্তই তাঁকে আবারও আবেগে ভাসিয়ে দিল। বিয়ে না করেও দুই কন্যার মা হয়েছেন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী। শুধু সুন্দরী নন, সুস্মিতা প্রমাণ করেছেন তিনি ভেতর থেকে একজন অসাধারণ মানুষও। রেনেকে তিনি দত্তক নেন ২০০০ সালে, আর ছোট মেয়ে আলিশাকে ২০১০ সালে। মা হওয়ার আনন্দকে তিনি অন্য রকম পথেই বেছে নিয়েছিলেন।
২৫ বছরে পা রাখা রেনের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিগুলির প্রতিটি যেন ভালবাসার ছাপ রেখে যায়। প্রথম ছবিতে ছোট্ট রেনেকে শক্ত করে জড়িয়ে ধরে আছেন মা। অন্য এক ছবিতে দেখা যায়, রেনের কোলে ছোট্ট আলিশা। আবার কোথাও বিছানায় বসে দুই মেয়ের সঙ্গে খুনসুটি করছেন সুস্মিতা।
পুরনো অ্যালবাম ঘেঁটে পাওয়া কয়েকটি ছবিতে ধরা পড়েছে তাদের পারিবারিক মুহূর্তও—কোথাও বাবা–মায়ের সঙ্গে দাঁড়িয়ে দুই বোন, কোথাও আবার আলিঙ্গনে মাখামাখি। রেনের খোলা হাসি দেখে দর্শকদের মনও ভরে উঠেছে। এরপরের ছবিগুলোয় স্পষ্ট হয়ে গেছে, ছোট্ট মেয়ে আজ একেবারে রূপসী তরুণীতে পরিণত হয়েছে।
ছবিগুলির সঙ্গে আবেগভরা ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ‘‘শুভ জন্মদিন আমার প্রথম ভালবাসা। ঈশ্বরের দেওয়া সেই অমূল্য উপহার, যেটি আমার জীবনটাই বদলে দিয়েছে তুমি। তোমার জন্য আমার একটাই প্রার্থনা—যতটা ভালবাসা তুমি দাও, তার থেকেও বহুগুণ ভালবাসা যেন ফিরে পাও।’’
তিনি আরও যোগ করেন, ‘‘তোমার সব স্বপ্ন পূরণ হোক। এ বছরটা শুধু তোমার। আমি তোমার জন্য গর্বিত, চলো জীবনকে উদযাপন করি। তুমি শুধু সেরা মেয়ে নও, সেরা দিদিও।’’