মৌনির অভিযোগ, অনুষ্ঠান শুরুর সময় ছবি তোলার অজুহাতে কয়েকজন তাঁর কোমরে হাত দেন। মঞ্চে ওঠার পর পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। সামনের সারিতে দাঁড়িয়ে দু’জন ব্যক্তি কুরুচিকর মন্তব্য ও ইঙ্গিত করতে থাকেন। প্রথমে তিনি ভদ্রভাবে তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

শেষ আপডেট: 15 February 2026 16:55
দ্য ওয়াল ব্যুরো: এক অনুষ্ঠানে অশালীন আচরণের শিকার হওয়ার অভিযোগ তুলে সম্প্রতি সরব হন অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy)। হরিয়ানার কর্নালে (Karnal, Haryana) আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চে ওঠার আগেই এবং পারফরম্যান্স চলাকালীন দর্শকাসনে থাকা কয়েকজন প্রৌঢ় ব্যক্তি তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন বলে সোশ্যাল মিডিয়ায় (Mouni Roy Social Media) দাবি করেন তিনি।
মৌনির অভিযোগ, অনুষ্ঠান শুরুর সময় ছবি তোলার অজুহাতে কয়েকজন তাঁর কোমরে হাত দেন। মঞ্চে ওঠার পর পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। সামনের সারিতে দাঁড়িয়ে দু’জন ব্যক্তি কুরুচিকর মন্তব্য ও ইঙ্গিত করতে থাকেন। প্রথমে তিনি ভদ্রভাবে তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন। তাতেও আচরণ না বদলালে মাঝপথে মঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নেন, যদিও পেশাদারিত্বের খাতিরে ফিরে এসে অনুষ্ঠান শেষ করেন। তাঁর দাবি, আয়োজকদের তরফে তখনও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।
এই ঘটনার পর মৌনির পাশে দাঁড়ালেন অভিনেত্রী সানি লিওন (Sunny Leone)। এক সাক্ষাৎকারে সানি বলেন, এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয় এবং মৌনি প্রকাশ্যে প্রতিবাদ করেছেন বলে তিনি গর্বিত। তাঁর মতে, মঞ্চে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সানি আরও জানান, ব্যক্তিগতভাবে তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হননি। মঞ্চে উঠলে তিনি সম্পূর্ণভাবে পারফরম্যান্সে মন দেন এবং আশপাশে কী ঘটছে, সেদিকে খুব একটা নজর থাকে না। তবে মৌনির অভিজ্ঞতার কথা শুনে তিনি ব্যথিত এবং মনে করেন, শিল্পীদের মর্যাদা রক্ষায় কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।
মৌনির এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিনোদন জগতে। অনেকেই তাঁর সাহসিকতার প্রশংসা করছেন, আবার শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।