ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির প্রযোজনায় আসছে সানি দেওলের নতুন অ্যাকশন থ্রিলার। স্ক্রিপ্ট পড়েই রাজি হয়েছেন তিনি।

সানি দেওল ও ফারহান আখতার
শেষ আপডেট: 30 July 2025 19:26
দ্য ওয়াল ব্যুরো: ‘গদর ২’ এবং ‘জাট’-এর বক্স অফিস ঝড়ের পর সানি দেওল যেন আবারও ফিরে এসেছেন তাঁর স্বর্ণযুগে। ব্যাক টু ব্যাক হিটের পর এখন তাঁর হাতে একাধিক বিগ বাজেট প্রজেক্ট। কিছু ছবির শুটিং শেষ, কিছু আবার মুক্তির অপেক্ষায়। এর মধ্যেই বলিউডে গুঞ্জন—সানি এবার হাত মেলালেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ও ‘ডন’-এর প্রযোজকদ্বয় ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির সঙ্গে।
সূত্রের খবর, ফারহান-রীতেশের প্রযোজনা সংস্থা এক হাই-অকটেন অ্যাকশন থ্রিলার তৈরি করছে, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। বেশ কিছুদিন ধরেই এই প্রজেক্ট নিয়ে আলোচনা চলছিল, অবশেষে সবুজ সংকেত দিয়েছেন ‘তারা সিং’। স্ক্রিপ্ট পড়েই নাকি রাজি হয়ে যান তিনি। ছবিটি হতে চলেছে একেবারে লার্জার দ্যান লাইফ—অ্যাকশন, আবেগ, নাটকীয়তা—সব মিলিয়ে এক সম্পূর্ণ প্যাকেজ।
এই নতুন ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন বালাজি, যিনি এতদিন দক্ষিণী ছবিতে সহকারী পরিচালকের ভূমিকায় ছিলেন। এটি হবে তাঁর প্রথম স্বাধীন পরিচালনা। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, কোনও কমতি রাখতে চান না তাঁরা। বড় ক্যানভাসে তৈরি হবে ছবিটি। পরিকল্পনা মাফিক চললে ২০২৫-এর ডিসেম্বরে শুরু হবে শুটিং।
সিনেমায় সানিকে এমন এক অবতারে দেখা যাবে, যা তাঁর অনুরাগীরা সবথেকে বেশি পছন্দ করেন—রাফ অ্যান্ড টাফ অ্যাকশন হিরো। গদর-জাট-এর পর এবারও কি সেই ম্যাজিক ফিরবে? অপেক্ষা এখন শুধু প্রযোজকদের অফিসিয়াল ঘোষণার।