যেখানে অক্ষয় কুমার, সুনীল শেট্টি আর পরেশ রাওয়াল—সেখানে তো ‘হেরা ফেরি’ অনিবার্য! বহুদিন ধরে জল্পনা চলছিল, আদৌ কি হচ্ছে ‘হেরা ফেরি থ্রি’?

‘হেরা ফেরি থ্রি’
শেষ আপডেট: 2 July 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: যেখানে অক্ষয় কুমার, সুনীল শেট্টি আর পরেশ রাওয়াল—সেখানে তো ‘হেরা ফেরি’ অনিবার্য! বহুদিন ধরে জল্পনা চলছিল, আদৌ কি হচ্ছে ‘হেরা ফেরি থ্রি’? হচ্ছেই, আর সবচেয়ে বড় কথা, বাবুরাও গানপতরাও আপটে—মানে পরেশ রাওয়াল ফিরছেন। নিজেই জানালেন সে কথা।
এক সময় শোনা গিয়েছিল, চিত্রনাট্য ও প্রযোজনার কয়েকটি বিষয়ে মতপার্থক্যের কারণে পরেশ রাওয়াল এই ছবিতে কাজ করতে রাজি নন। মন খারাপ হয়েছিল ‘হেরা ফেরি’ প্রেমীদের। তবে সম্প্রতি এক ইউটিউব পডকাস্টে এই বর্ষীয়ান অভিনেতা নিজেই জানালেন, সব ঝামেলা মিটে গিয়েছে। এখন আর কোনও ‘ফেরা ফেরি’ নেই—শুধুই ‘হেরা ফেরি’!
পরেশের ফিরে আসার খবরে খুশি সুনীল শেট্টিও। তিনি বলেন, “সব ফাইন টিউনিং হয়ে গিয়েছে শুনছি। এবার ছবি মুক্তির পরই কথা বলব। তার আগে আর কিছু বলছি না!” সঙ্গে একটু মজার ছলেই বললেন, “হেরা ফেরি নিয়ে বেশি কিছু বললে নিজেই কনফিউসড হয়ে যাব।”
পরেশ রাওয়াল বলেন, “এখন সব মিটে গেছে। ছবিটা অনেক আগেই আসতে পারত। কিন্তু একটা জায়গায় গিয়ে আমাদের সবাইকে একে-অপরের সঙ্গে সামঞ্জস্য করতে হয়। কারণ, এটাই তো সেই ছবি—যেটা মানুষকে নিখাদ আনন্দ দেয়। এই দায়বদ্ধতা থেকেই কিছু সময় বেশি লেগেছে।”
সুনীল শেট্টি আরও বলেন, “এই সিনেমাটা আগের দুই অংশের মতোই একটা পুরোপুরি পারিবারিক বিনোদন। সবাই মিলে বসে হাসার ছবি। এমন একটা জিনিস, যা চালিয়ে দিলে ভাবতে হবে না—কার সঙ্গে দেখছি বা কোথায় দেখছি। ফোনে লুকিয়ে লুকিয়ে দেখার ছবি নয় এটা, খোলা মনে হাসার ছবি।”
পরেশ রাওয়ালকে শেষবার দেখা গিয়েছে ‘দ্য স্টোরি টেলার’ ছবিতে, যেখানে তিনি অভিনয় করেছেন এক বাঙালি গল্পকারের ভূমিকায়। এদিকে সুনীল শেট্টি সম্প্রতি দেখা দিয়েছেন ‘কেশরী বীর’ ছবিতে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হয়েছে। পরেশ রাওয়ালের হাতে রয়েছে একগুচ্ছ নতুন ছবি—‘নিকিতা রায়’, ‘বদ্তমিজ গিল’, ‘ভূত বাংলা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সহ আরও কয়েকটি। অর্থাৎ হাসি থামছে না, বরং আরও বাড়বে!