
সুদীপ্তা চক্রবর্তী
শেষ আপডেট: 22 September 2024 00:44
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের পর থেকে কর্মক্ষেত্রে হেনস্থা নিয়ে সরব অনেকেই। টালিগঞ্জেও এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। শনিবার আরও এক বড় ঘটনা ঘটে গেছে। আত্মহত্যার চেষ্টা করেছেন এক কেশসজ্জা শিল্পী। তাঁর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে গর্জে উঠেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বলেছেন, এর শেষ দেখে ছাড়বেন!
'কাজ করতে দিচ্ছে না', এমন অভিযোগ জানিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাস। এই মুহূর্তে তিনি বাঙুর হাসপাতালে ভর্তি। অভিনেত্রী সুদীপ্তা সোশ্যাল মাধ্যমে লিখেছেন, ''আমার হাত ধরেই ওঁর ইন্ডাস্ট্রিতে আসা। কর্মক্ষেত্রে হেনস্থা কোন পর্যায়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে আমার চোখের সামনে। আর এর শেষ দেখে ছাড়ব, কথা দিলাম।'' ওই শিল্পীকে দেখতে হাসপাতালে গেছেন সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় সহ অনেকেই।
একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে যেখানে ওই শিল্পীকে বলতে শোনা যায়, ''আমি অন্যায় করছিলাম তাই আমাকে ৩ মাস সাসপেন্ড করেছিল। আমি মেনে নিয়েছি। কিন্তু এই ৩ মাসে আমার অনেক দেনা হয়ে গেছে। আমার বর অসুস্থ। মেয়ের পড়াশোনা আছে। পরে আমি বাইরে কাজ ধরেছিলাম কিন্তু আমাকে কাজ করতে দেয়নি। সেক্রেটারি আমাকে দুটো কাজ করতে দেয়নি... আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। কাল কাজ শুরু ছিল এক জায়গায়, কিন্তু ফোন করে জানানো হয়েছে, আমি কাজ করতে পারব না। গিল্ড থেকে যা দেওয়া হবে তাই করতে পারব। আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই।''
শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছে 'ওয়েমেন ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কারস'। তাঁদের দাবি, কাজ করতে এসে বহু অভিনেতা, ক্রু সদস্য, টেকনিশিয়ান অনেক সময়ই হেনস্থার শিকার হন। কিন্তু তাঁদের অভিযোগকে গুরুত্ব দেওয়া হয় না বেশিরভাগ সময়। তাই এসব অভিযোগের তদন্ত করতে স্বাধীন একটি কমিটি গঠন করুক সরকার। মূলত আরজি করের ঘটনার পরই এমন একটি পদক্ষেপ নেওয়া আরও জরুরি হয়ে উঠেছে বলেই মনে করছে তাঁরা।
সংগঠন চাইছে, যে কমিটি গঠন করা হবে সেটি যৌন হেনস্থা তো বটেই, লিঙ্গবৈষম্যের অভিযোগ থেকে থেকে শুরু করে অসুরক্ষিত কাজের পরিবেশের বিষয়টিও খতিয়ে দেখবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার পাশাপাশি এই চিঠির কপি তাঁরা পাঠিয়েছে রাজ্যের নারী এবং শিশু সুরক্ষা মন্ত্রক, শ্রম মন্ত্রক, রাজ্য মহিলা কমিশন এবং তথ্য সংস্কৃতি দফতরেও।