দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয় বাংলা ধারাবাহিকের জনপ্রিয় খলনায়িকা সুদীপ্তার সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর নৈকট্য যে এই মুহূর্তে আলোচনায় তা শুনে বেশ খানিকটা হেসে সুদীপ্তা বললেন...

শেষ আপডেট: 21 October 2025 16:12
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর রাত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ ব্যস্ত। ট্র্যাডিশন মেনে বাড়িতে হচ্ছে কালীপুজো। এক এক করে হাজির হচ্ছেন তারকার দল। হাজির হচ্ছে টলিপাড়ার পরিচিত মুখও। জুন মালিয়া থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়... কে নেই সেই তালিকায়! রাত বাড়তে হাজির হলেন অভিনেত্রী সুদীপ্তা বক্সিও সঙ্গে স্বামী তৃণমূলের যুবনেতা সৌম্য বক্সিও। মুখ্যমন্ত্রীর চোখ এড়াল না সেই এন্ট্রি! হাতের ইশারায় ডেকে নিলেন একেবারে খাসতালুক 'ডি-জোনে'। আরও সহজ করে বললে ভিভিআইপি জোনে। আর এখান থেকেই মাথাচাড়া দিয়ে উঠল যে জল্পনা, তা হল ২৬-এর বিধানসভা নির্বাচনে তবে কি তৃণমূলের প্রার্থী হচ্ছেন বক্সি বাড়ির বৌমা?
দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয় বাংলা ধারাবাহিকের জনপ্রিয় খলনায়িকা সুদীপ্তার সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর নৈকট্য যে এই মুহূর্তে আলোচনায় তা শুনে বেশ খানিকটা হেসে সুদীপ্তা বললেন, "আমি হিপোক্রিট নই। সামনা সামনি ভাল ভাব দেখাব আর আড়াল হলেই মানুষটিকে নিয়ে নিন্দে করব, এমনটা আমি নই। মুখ্যমন্ত্রীকে আমি ভালবাসি। তাঁর আদর্শ প্রথম থেকেই মেনে চলি। হ্যাঁ, এটা ঠিক বক্সি বাড়ির বউ হওয়ার সুবাদে তাঁকে আরও কাছ থেকে দেখতে পাচ্ছি, চিনতে পারছি, কিন্তু সম্মানটা আমার শুরু থেকেই ছিল। কাল গিয়েছিলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছি। মা যদি চান তবে দিদিকে আরও কাছ থেকে দেখতে পাব।"

'আরও কাছ থেকে' শুনতেই ফের প্রশ্ন, তবে কি জোড়াসাঁকো থেকে এবারের টিকিট কার্যত তাঁরই বাঁধা? এবার খানিক সচেতন সুদীপ্তা। বললেন, "আগামী দিনে কী হবে তা কেউই আমরা জানি না। আমার শ্বশুরবাড়ি রাজনীতির সঙ্গে যুক্ত বহুদিন থেকেই। আমার শ্বশুরমশাই সঞ্জয় বক্সি মুখ্যমন্ত্রীর প্রথম জীবনের সৈনিক। অন্যদিকে আবার শাশুড়ি মা প্রাক্তন বিধায়ক। আবার স্বামীও রাজনীতির সঙ্গে যুক্ত। তাই আমার মনে হয় এই সব জল্পনা-কল্পনা পুরোটাই সময়ের হাতে তুলে দেওয়া উচিত।" সুদীপ্তা প্রার্থী হওয়ার খবরে শিলমোহর না দিলেও গুঞ্জন কিন্তু থামছেই না!
জোড়াসাঁকো কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ছিলেন স্মিতা বক্সি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে টিকিট মেলেনি তাঁর। সেই জায়গায় তৃণমূলের হয়ে দাঁড়ান বিবেক গুপ্ত। এই বছরই মার্চ মাসে নাম না করে ‘প্রাক্তন’ সঞ্জয় বক্সী, স্মিতা বক্সীকে নিশানা করতে দেখা যায় বিবেককে। তিনি বলেন, “জোড়াসাঁকোর শত্রু ওরা, যারা উন্নয়নের জন্য কাজ করে না, নিজের জন্য কাজ করে। আমাদের দলের নেতৃত্বের পোস্ট পেয়েছেন, নাকি নিজেই নিয়ে নিয়েছেন, তা বলতে পারব না, তবে ওরা ইললিগ্যাল পার্কিং করে, জমি দখল করে, টাকা তোলে, নির্বাচনে ওদের কোনও অবদান নেই, ওর লোক দাঁড়ায় না, হইচই করার সময়ে থাকে। যখন নির্বাচন হচ্ছিল কোথায় ছিল?”
জোড়াসাঁকোতে বিজেপির অবস্থানও বেশ ভাল। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ভোটে না জিতলেও ওই কেন্দ্রে খুব খারাপ ফল করেননি বিজেপি প্রার্থী তাপস রায়। অন্যদিকে সূত্র বলছে, বিবেকের কাজ নিয়েও খুব সন্তুষ্ট নয় তৃণমূল। এই সমীকরণে দাঁড়িয়ে ছাব্বিশের নির্বাচনে ফের বক্সি পরিবারই ভরসা হবে শাসকদলের? উত্তর দেবে সময়।