পুজোর মরসুম মানেই একের পর এক বাংলা ছবি, বক্স অফিসে ধুন্ধুমার প্রতিযোগিতা। কিন্তু সেই ভিড়েও দেখা গেল এক অন্যরকম সৌহার্দ্যের ছবি।

রঘু-ভবানী
শেষ আপডেট: 20 September 2025 17:34
দ্য ওয়াল ব্যুরো: পুজোর মরসুম মানেই একের পর এক বাংলা ছবি, বক্স অফিসে ধুন্ধুমার প্রতিযোগিতা। কিন্তু সেই ভিড়েও দেখা গেল এক অন্যরকম সৌহার্দ্যের ছবি। ‘দেবী চৌধুরানী’-র পর্দার ভবানী পাঠক এইবার মঞ্চে উঠলেন অন্য এক উৎসবের সাক্ষী হতে—দেবের টলিপাড়ায় কাটানো ২০ বছরের উদযাপন আর ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চের মহোৎসবে। জায়গা? গিজগিজ করছে ভক্তে ভরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।
সেই আসরে হঠাৎই মঞ্চে ওঠেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাতে মাইক তুলে তিনি বলেন—“দু’জন মানুষের জন্যই আজ আমি এই মঞ্চে। প্রথমজন দেব, যে গত ২০ বছর ধরে আমাদের আনন্দ দিয়ে চলেছেন। ওর জন্য আশীর্বাদ আর ভালোবাসা রইল, আগামী ৩০ বছর ও যেন একইভাবে আনন্দ দিতে পারে।” হলভরা করতালিতে প্রতিধ্বনিত হল এই শুভকামনা।
এসভিএফ-এর দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা আর মহিন্দর সোনিও সেই মঞ্চে স্মৃতির পাতায় ফিরলেন। প্রসেনজিতের বক্তব্য—“গত ৩০ বছর ধরে এই দুই ভাই দর্শকদের আনন্দের সঙ্গী। একসময় ৩০ লাখে ছবি হতো, আজ এই অনুষ্ঠানটাই হচ্ছে ৩০ লাখ টাকার।
এবারের পুজোয় একসঙ্গে মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি। তাই মঞ্চ থেকেই আর্জি জানানো হল—“সবাই হলে গিয়ে ছবি দেখুন। বাংলা ভাষার সিনেমা শুধু বাঙালির জন্য নয়, সবার জন্য। এই উৎসব কেবল এসভিএফ বা দেবের নয়, এই ছবিগুলো আমাদের সবার।”
আসলে ‘মেগাস্টার’ দেব আজ আর শুধু বড়পর্দার নায়ক নন, তিনি সময়ের ট্রেন্ডকেও হাতের মুঠোয় ধরে নিয়ে যাচ্ছেন। তাই এবার ট্রেলার লঞ্চও হয়ে উঠল এক মহোৎসব।
হ্যাঁ, এই প্রথম! ‘রঘু ডাকাত’-এর ট্রেলার মুক্তি পেল নেতাজি ইন্ডোরে টিকিট কেটে। প্রশ্ন উঠতেই দেব নিজের আবেগে ভরা উত্তর দিলেন—“আমরা ঠিক করেছি, ফ্যানরা টিকিট কেটে এই ট্রেলার লঞ্চের সাক্ষী হবেন। টিকিট থেকে যে অর্থ উঠবে, তার সঙ্গে আমরা আরও কিছু যোগ করে টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টে দান করব। সিনেমার পর্দায় আমরা যারা থাকি, দর্শক চেনে। কিন্তু যারা পরিশ্রম করে পেছনে থেকে সিনেমাকে বাঁচিয়ে রাখেন, তাঁদেরও তো আমাদের পাশে থাকা উচিত। তাঁদের সন্তানের পড়াশোনার খরচ, অসুস্থতার দিনে পাশে দাঁড়ানো—এই উদ্যোগ তাঁদের জন্য।”
এক সন্ধ্যায় একই মঞ্চে মিলল আবেগ, ভালোবাসা আর সহমর্মিতার সুর। দেবভক্তদের উল্লাস, প্রসেনজিতের আশীর্বাদ, প্রযোজকদের আত্মবিশ্বাস—সব মিলিয়ে রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ যেন হয়ে উঠল এক উৎসবের আখ্যান। যেখানে আলো ঝলমলে পর্দার গ্ল্যামারের আড়ালে থেকেও উঠে এল সহমর্মিতা আর একাত্মতার আলো। আর সেখানেই বাংলার সিনেমার শক্তি—উৎসব কেবল বিনোদনের নয়, হৃদয়েরও।