টলিপাড়ায় এখন একটাই প্রশ্ন—আজ, ২০ সেপ্টেম্বর, কী হতে চলেছে রঘু ডাকাত-এর মেগা ট্রেলার লঞ্চে? ফিল্ম ইন্ডাস্ট্রির নানা সমস্যা, নানা গুঞ্জন সবসময়ই খবরের শিরোনামে উঠে আসে।
.jpeg.webp)
দেব-রাজ-শুভশ্রী
শেষ আপডেট: 20 September 2025 13:54
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় এখন একটাই প্রশ্ন—আজ, ২০ সেপ্টেম্বর, কী হতে চলেছে রঘু ডাকাত-এর মেগা ট্রেলার লঞ্চে? ফিল্ম ইন্ডাস্ট্রির নানা সমস্যা, নানা গুঞ্জন সবসময়ই খবরের শিরোনামে উঠে আসে। কিছুদিন আগেই ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে ফ্যানদের উন্মাদনা বুঝিয়ে দিয়েছিল, সিনেমা প্রচারের নতুন কৌশল বাংলাতেও এসে গেছে। এবার সেই ঢেউ আরও বড় রূপ নিতে চলেছে।
‘মেগাস্টার’ দেব এবার শুধুমাত্র পর্দায় বিনোদন দিয়েই থামতে রাজি নন। বরং সময়ের ট্রেন্ডকে মাথায় রেখে ট্রেলার লঞ্চকে তিনি বানাচ্ছেন মহোৎসব। ‘রঘু ডাকাত’-এর ট্রেলার মুক্তি পেতে চলেছে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, আর সেই লঞ্চ দেখতে হলে দর্শকদের কিনতে হবে টিকিট।
হ্যাঁ, এই প্রথম! কিন্তু প্রশ্ন উঠতেই দেব জানালেন আবেগভরা কারণ। তাঁর কথায়, “রঘু ডাকাত ছবির ট্রেলার দেখতে আমি আর এসভিএফ-এর প্রযোজক শ্রীকান্ত মেহতা ঠিক করেছি টিকিট কেটে ট্রেলার মুক্তির সাক্ষী হতে পারবেন আমাদের ফ্যানরা। এই টিকিট থেকে যে অর্থ উঠবে, তার সঙ্গে আমরা আরও কিছু যোগ করে টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টকে দান করব। সিনেমার পর্দায় আমরা যারা কাজ করি, তাঁদের দর্শক চেনে। কিন্তু পেছনে যারা অবিরাম পরিশ্রম করেন, তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য স্কলারশিপ বা অসুস্থতায় পাশে থাকা—এই উদ্যোগ তাঁদের জন্য।”
রঘু ডাকাত একটি মাল্টি স্টারার সিনেমা। দেবের সঙ্গে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, ওম, আর ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুধু ছবির ট্রেলার লঞ্চ নয়, আজকের আসরে আরও এক বিশেষ উপলক্ষ—দেবের টলিপাড়ায় কাটানো ২০ বছর উদযাপন। সূত্রের খবর, মঞ্চে হাজির হবেন সেই সব পরিচালক, যাঁদের ছবিতে দেব নায়ক হয়ে উঠেছেন। রবি কিনাগি, সুজিত মন্ডল, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজা চন্দ, রাজীব বিশ্বাস, বিরশা দাসগুপ্ত, এমনকি ‘রঘু ডাকাত’-এর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ও থাকবেন। শুধু তাই নয়, পরিচালকদের তরফে থাকবে বিশেষ পারফরম্যান্স—কেউ গাইবেন গান, কেউ বা নাচে মাতাবেন।
তবে, রয়েছে আরেকটি খবর যা, দেবপ্রেমীদের কাছে খানিক ‘মনখারাপ’-এরও হতে পারে। কারণ দেবের একাধিক সুপারহিট ছবির পরিচালক রাজ চক্রবর্তী থাকছেন না। আবার দেবের হিট ছবির অন্যতম মুখ শুভশ্রীও থাকবেন অনুপস্থিত। অথচ মঞ্চে হাজির থাকতে পারেন দেবের অন্য নায়িকারা—কোয়েল, শ্রাবন্তী, নুসরত, পায়েল, সায়ন্তিকা। রাজ-শুভশ্রী দু’জনেই থাকবেন অনুপস্থিত। কী কারণে এই জমজমাটি অনুষ্ঠানে তাঁরা নেই, তা অবশ্য জানা যায়নি। অনুষ্ঠানের সঞ্চালনা করবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ফলে বোঝাই যাচ্ছে, গোটা আয়োজনের আভিজাত্য আর জাঁকজমক কমবে না কিছুতেই।
আজ যখন রঘুর কাঁসর-ঘণ্টা বাজতে চলেছে, গোটা টলিপাড়া তাকিয়ে আছে নেতাজী ইন্ডোরে। ট্রেলার লঞ্চ হোক বা দেবের ২০ বছরের যাত্রাপথ, সব মিলিয়ে আজকের দিনটি হয়ে উঠতে চলেছে এক অনন্য স্মৃতি। রাজ-শুভশ্রীর অনুপস্থিতি নিঃসন্দেহে চোখে পড়বে, কিন্তু দেবের আবেগ, তাঁর ফ্যানদের উন্মাদনা আর এই উদ্যোগই শেষ পর্যন্ত হয়ে উঠবে ‘মেগাস্টার’ এবং সিনেমার এক সুন্দর উদযাপন।