ছুটি কাটাতে ছেলেকে নিয়ে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানে পৌঁছতেই বিপত্তি। রাতারাতি পাল্টে যায় চেনা দুবাই শহরের ছবিটা। তারপর থেকেই দেশে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। পরিকল্পনা ছিল বুধবার গভীর রাতের বিমানে দেশে ফেরার।

শেষ আপডেট: 6 March 2026 11:54
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় দিন কাটছিল টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবারের। যুদ্ধ পরিস্থিতিতে ক্রমশই বাড়ছে উত্তেজনা। ইরানকে ঘিরে ইজ়রায়েল ও আমেরিকার সামরিক পদক্ষেপের জেরে অস্থির হয়ে উঠেছে গোটা অঞ্চল। সেই পরিস্থিতির প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের বিমান চলাচলেও। এর জেরেই দুবাইয়ে সাময়িকভাবে আটকে পড়েছেন ভারতের অনেকেই। যে তালিকায় ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও তাঁর ছেলে ইউভান (Yuvaan Chakraborty)ও।
ছুটি কাটাতে ছেলেকে নিয়ে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানে পৌঁছতেই বিপত্তি। যুদ্ধের জেরে রাতারাতি পাল্টে যায় চেনা দুবাই শহরের ছবিটা। তারপর থেকেই দেশে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। পরিকল্পনা ছিল বুধবার গভীর রাতের বিমানে দেশে ফেরার। কিন্তু শেষ মুহূর্তে সেই উড়ান বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন তিনি। ফলে নির্ধারিত সময়ে আর দেশে ফেরা সম্ভব হয়নি।
এরপর দ্য ওয়ালকে পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) জানিয়েছিলেন, যে বিমানে শুভশ্রী ও ইউভানের ফেরার কথা ছিল, তা বাতিল হয়েছে। নতুন সূচি অনুযায়ী, শুক্রবার ভোরের একটি বিমানে দেশে ফেরার কথা।
সেই বিমানেই শুক্রবার সকালে মুম্বইয়ে পৌঁছলেন শুভশ্রী ও ইউভান। দ্য ওয়াল রাজের সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান, তাঁরা দেশে পৌঁছিয়ে গিয়েছেন, দুপুর ২ টোয় মুম্বই থেকে কলকাতার বিমানে উঠবেন শুভশ্রী। ফলে আজ সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরছেন তাঁরা।
রাজ আগেও জানিয়েছিলেন, দুবাইয়ে উপস্থিত অনেকেই তাঁদের খেয়াল রাখছেন। এখান থেকেও কাছের পরিজনেরা সমানে যোগাযোগ করে চলেছেন। তবে শেষ মুহূর্তে বিমান বাতিল হওয়ায় অপেক্ষা বেড়েছিল আরও একটা দিনের। অবশেষে ৬ মার্চ দেশে ফিরলেন তাঁরা।