সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে শুরু হবে শুটিং। মুক্তি নির্ধারিত হয়েছে ২০২৬ সালের ১ মে। অভিনেতাদের নাম এখনও ঘোষণা করেননি পরিচালক। তবে জানা গিয়েছে, বাছাইপর্ব চলছে।
_0.png.webp)
শেষ আপডেট: 31 August 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: একটি বই, একটি চরিত্র, আর একটি সময়কাল—যার সামনে কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য। কলমের দাগ হয়ে উঠেছিল তলোয়ারের থেকেও ধারালো। শরৎচন্দ্রের লেখা 'পথের দাবি' শুধু উপন্যাস ছিল না, ছিল বিদ্রোহের মন্ত্র, স্বাধীনতার আহ্বান। ব্রিটিশ বিরোধী আন্দোলনের আবেগে উজ্জীবিত হয়ে উঠেছিলেন তরুণরা। ব্রিটিশ সরকার মাত্র কয়েক মাসের মধ্যেই বইটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এতটাই উত্তাল হয়েছিল সময় যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও আন্দোলনে জড়িয়ে পড়েন।
এই ইতিহাসই নতুন করে বড় পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর আসন্ন ছবি এম্পারর ভার্সেস শরৎচন্দ্র উপন্যাসের প্রকাশ, প্রতিক্রিয়া এবং সেই সময়কার সামাজিক-রাজনৈতিক অভিঘাতকে ঘিরেই তৈরি হচ্ছে। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে এসভিএফ এবং রানা সরকারের দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

পরিচালক জানিয়েছেন, বরাবরের মতোই একেবারে ভিন্ন স্বাদের ছবিতে হাত দিচ্ছেন তিনি। অতীতে যেমন সত্যি বলে সত্যি কিছু নেই বা কিলবিল সোসাইটি দর্শক পেয়েছেন, তেমনই এবার তিনি ফিরছেন ইতিহাস ঘেঁটে। তবে এই ছবি সমকালীন রাজনৈতিক বার্তা নয় বরং সৃজিত ফিরছেন ইতিহাসের দাবি নিয়ে।
সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে শুরু হবে শুটিং। মুক্তি নির্ধারিত হয়েছে ২০২৬ সালের ১ মে। অভিনেতাদের নাম এখনও ঘোষণা করেননি পরিচালক। তবে জানা গিয়েছে, বাছাইপর্ব চলছে।
প্রসঙ্গত, ‘পথের দাবি’ অবলম্বনে আগেও ছবি তৈরি হয়েছে। ১৯৭৭ সালে পীযূষ বসুর সব্যসাচী ছবিতে উত্তমকুমার ছিলেন মুখ্য চরিত্রে। তাঁর সঙ্গী ছিলেন সুপ্রিয়া দেবী, বিকাশ রায়, অনিল চট্টোপাধ্যায় প্রমুখ। তবে সৃজিতের বক্তব্য, তাঁর ছবি শুধু উপন্যাসের কাহিনি নয়, বরং সময়ের বিস্তৃত প্রেক্ষাপটকে ধরবে।