ওটিটি গুলোতে রয়েছে বহু পুরনো বাংলা সিনেমা, যেগুলো একসময় বড় পর্দায় ঝড় তুলেছিল। আজও সেই ছবিগুলো সমান প্রাসঙ্গিক, সমান উপভোগ্য।

এআই দিয়ে তৈরি ছবি
শেষ আপডেট: 4 October 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: পুজো শেষ। রাত পোহালেই রবিবার। একরাশ মন খারাপ তো সকলেরই রয়েছে। তারওপর পূর্বাভাস বলছে দিনভর বৃষ্টি হতে পারে। বেরোনোর প্ল্যান ভেস্তে গেলে মন খারাপ করে বাড়ি বসে থাকলে চলবে না। হাতে এক কাপ চা আর ওটিটি-তে পুরনো দিনের বাংলা সিনেমা দিয়ে রবিবার কাটান অন্য মেজাজে। সঙ্গে প্রিয়জন থাকলে তো কেল্লাফতে!
ওটিটি গুলোতে রয়েছে বহু পুরনো বাংলা সিনেমা, যেগুলো একসময় বড় পর্দায় ঝড় তুলেছিল। আজও সেই ছবিগুলো সমান প্রাসঙ্গিক, সমান উপভোগ্য। কোন কোন ছবিগুলো দেখতে পারেন আপনি?
উত্তমকুমারের সিনেমা মানেই এক অন্য স্বাদ। সপ্তপদী, হারানো সুর কিংবা চৌরঙ্গী, প্রতিটি ছবিই একেকটা ক্লাসিক। প্রেম, সম্পর্ক আর আবেগের অনবদ্য উদাহরণ। দেখতে পারেন সঙ্গীর সঙ্গে বা পরিবারের সঙ্গে।
বাংলা সিনেমার সোনালি যুগের প্রতীক উত্তম-সুচিত্রা জুটি। সাগরিকা, অগ্নিপরীক্ষা কিংবা পথে হল দেরী দেখে নিতে পারেন।
আলাদা আলাদা ভাগে বিভিন্ন সিনেমা বাছাই করা থাকে। সত্যজিৎ রায়ের সিনেমারও একটা আলাদা ভাগ রয়েছে। চাইলে পথের পাঁচালী, অপুর সংসার বা চারুলতা মতো ক্লাসিক দেখে নিতে পারেন।
পরিবারের সঙ্গে সিনেমা দেখতে বসলে তরুণ মজুমদারের ছবি থাকতেই পারে। বালিকা বধূ, দাদার কীর্তি সেক্ষেত্রে দেখে নিতে পারেন। রূঢ় বাস্তবের মুখোমুখি হতে চাইলে বা আমাদেরই জীবনের গল্পগুলো টিভির পর্দায় দেখতে চাইলে মৃণাল সেনের একদিন প্রতিদিন, ইন্টারভিউ, কলকাতা ৭১ হতে পারে আপনার আজকের সঙ্গী।
এছাড়াও ছোটদের জন্য জয়বাবা ফেলুনাথ, সোনারকেল্লা, গুপী গাইন বাঘা বাইনের মতো ছবি তো রয়েছেই।