ভিডিওতে দেখা যায়, বিশাল জনসমাগমের মাঝে একটি ছোট শিশু দিশেহারা হয়ে স্টেজের পাশে দাঁড়িয়ে রয়েছে। চারপাশে হাজার হাজার মানুষের ভিড়, আর তার মধ্যেই হারিয়ে গেছে সে।

শেষ আপডেট: 10 February 2026 14:50
দ্য ওয়াল ব্যুরো: কনসার্টের মঞ্চে গান গাইতে গাইতেই যে এভাবেও মানবিকতার দৃষ্টান্ত তৈরি করা যায়, সম্প্রতি সেটাই দেখালেন সোনু নিগম (Sonu Nigam)। নিজের একটি কনসার্টের (Sonu Nigam Concert) ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media Viral Video) শেয়ার করে তিনি এমন এক মুহূর্ত তুলে ধরেছেন, যা দর্শকদের মন ছুঁয়ে গেল।
ভিডিওতে দেখা যায়, বিশাল জনসমাগমের মাঝে একটি ছোট শিশু দিশেহারা হয়ে স্টেজের পাশে দাঁড়িয়ে রয়েছে। চারপাশে হাজার হাজার মানুষের ভিড়, আর তার মধ্যেই হারিয়ে গেছে সে। বিষয়টি চোখে পড়তেই কনসার্ট থামিয়ে শিশুটির কাছে যান সোনু নিগম। পরিস্থিতি সামলাতে তিনি শিশুটিকে স্টেজে তুলে নেন, যাতে তাকে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়।
মাইক্রোফোনে সোনু দর্শকদের অনুরোধ করেন, শিশুটির অভিভাবক যেন দ্রুত সামনে আসেন। একই সঙ্গে ছেলেটির ভয় কমাতে তিনি কথা বলতে থাকেন মজার ভঙ্গিতে। সোনুর সেই স্বাভাবিক ও আন্তরিক আচরণে ধীরে ধীরে শিশুটিও স্বস্তি পায়।
কথা বলতে বলতে জানা যায়, শিশুটি বাবা-মায়ের সঙ্গে নয়, কাকার সঙ্গে কনসার্টে এসেছিল। এই কথা শুনে সোনু নিগম গোটা মাঠের উদ্দেশে কাকাকে ডাকতে শুরু করেন। হালকা রসিকতার ছলে তিনি বলেন, ভাইপোকে ফেলে রেখে নিশ্চয়ই খুব নিশ্চিন্তে আছেন! এই কথায় গোটা মাঠজুড়ে হাসির রোল ওঠে।
শেষ পর্যন্ত কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শিশুটির কাকাকে ভিড়ের মধ্যেই পাওয়া যায়। তখন সোনু নিজে নিশ্চিত হন যে ছেলেটি সঠিক মানুষের হাতেই ফিরছে। তারপর দর্শকদের ধন্যবাদ জানিয়ে ফের কনসার্টে ফিরে যান তিনি।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরে যায় মন্তব্যের ঘর। অনেকেই বলছেন, গান গাওয়ার পাশাপাশি এমন দায়িত্বশীল আচরণই একজন শিল্পীকে আলাদা করে তোলে। বর্তমানে ‘দিওয়ানা তেরা’ কনসার্ট ট্যুর নিয়ে দেশের বিভিন্ন শহরে পারফর্ম করছেন সোনু নিগম, আর সেই সফরের মাঝেই এমন এক মুহূর্ত সকলের মনে আলাদা জায়গা করে নিল।