
শেষ আপডেট: 6 March 2024 12:11
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি শেষ হল সায়ন্তন ঘোষালের পরের ছবি 'সোনার কেল্লায় যকের ধন'-এর শ্যুটিং। জয়সলমীরে ছবিটির শ্যুটিং হচ্ছিল এক মাস যাবত। সায়ন্তনের আগের দুটি ছবি 'যকের ধন' ও 'সাগরদ্বীপে যকের ধন' নর্থ বেঙ্গল ও থাইল্যান্ডে শ্যুটিং হয়েছিল।
সোনার কেল্লা নিয়ে বাঙালিদের কাছে সবসময়ই অন্যরকম অনুভূতি কাজ করে। সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লা'-র সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ছবিটি তৈরি হয়েছে। 'সোনার কেল্লা'-র ৫০ বছর পূর্তি উপলক্ষে শিল্পীকে সম্মান জানাতেই ছবিটির ভাবনা। এখানে মুখ্য চরিত্রে আছে কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি আরও অনেকে। সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লায়'-র মুকুলের চরিত্রটি আজও সবার মনে আছে। সেই মুকুল আর ছোট নেই, সে বড় হয়েছে। সেই চরিত্রেই থাকছেন সুপ্রভাত ব্যানার্জি। সত্যজিৎ রায়ের কাহিনীর ওপরেই 'সোনার কেল্লায় যকের ধন'-এর কাহিনী বোনা হয়েছে।
রাজস্থানের অনিশ্চিত আবহাওয়ায় শ্যুটিং করাটা বেশ কঠিন হয়েছিল। কখনও মারাত্মক গরম, কখনও ঠান্ডা! তবে সেই যুদ্ধ এবার তবে শেষ হল। সে খবরই জানালেন কোয়েল মল্লিক নিজে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কিছু ছবিও।
এর আগেও পরিচালকের যকের ধনের সিরিজ দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। 'সোনার কেল্লায় যকের ধন'-এ যেহেতু সত্যজিৎ রায়ের ছোঁয়া আছে, সেই নস্টালজিয়া থেকেই সকলে এই ছবিটি দেখতে আসবে বলে ধারণা। ছবির মুক্তি নিয়ে এখনও কিছু বলেননি নির্মাতারা। পোস্ট প্রোডাকশনের কাজের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।