জন্মের মাত্র দু’দিন পরেই সামনে এল সোনম কাপুরের ছোট ছেলে!

সোনম কাপুর
শেষ আপডেট: 1 April 2026 15:53
দ্য ওয়াল ব্যুরো: কয়েক বছর আগেই বড় ছেলে বায়ুর জন্ম হয়েছে (Sonam Kapoor baby)। তবু এখনও পর্যন্ত পুরোপুরি তাকে প্রকাশ্যে আনেননি সোনম কাপুর। কিন্তু ছোট ছেলের জন্মের পরই জনসমক্ষে তার ঝলক সামনে আসায় স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে অনুরাগীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় সোনম কাপুর ও আনন্দ আহুজা (Anand Ahuja) তাঁদের নবজাতকের আগমনের সুখবর শেয়ার করার পর থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা, কবে দেখা মিলবে দুই পুত্রের? কিন্তু এত তাড়াতাড়ি ছোট ছেলের ছবি সামনে আসায় অনেকের মনেই উঠেছে প্রশ্ন, কেমন দেখতে হয়েছে সোনম-আনন্দের নতুন অতিথিকে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে তোয়ালের মধ্যে মুড়ে রাখা সদ্যোজাতকে। মাথা ভর্তি চুল, মুখ আড়াল করে রাখার চেষ্টা করছেন সোনমের বোন রিয়া। ছবিটি শেয়ার করে রিয়া লিখেছেন, “তুমিই তো তোমার মায়ের মতো একজন ভালো মনের মানুষের চালিকাশক্তি।” একঝলক এই একরত্তিকে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
তবে অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন এত দ্রুত সন্তানের মুখ দেখানোর সিদ্ধান্ত নিলেন সোনম? কারণ বলিউডে অনুষ্কা শর্মা, আলিয়া ভাট, করিনা কাপুর বা দীপিকা পাড়ুকোন, কেউই সন্তানের জন্মের পরপরই তাদের মুখ প্রকাশ্যে আনেননি। বড় ছেলে বায়ুর ক্ষেত্রেও যেখানে এমন সিদ্ধান্ত নেননি সোনম, সেখানে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে হঠাৎ এই বদল কেন, তা নিয়েই চলছে জোর আলোচনা।
দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ ভাগ করে নিয়ে সোনম নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “আমি আর আনন্দ ২৯ মার্চ আরও একবার পুত্র সন্তানের মা-বাবা হলাম। আমাদের পরিবার এখন আরও একটু বড় হলো। ছোট্ট সোনার আগমনে আমরা ভীষণ খুশি। বায়ু ওর ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে খুব খুশি। এই নতুন প্রাণ আমাদের পরিবারকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এ বার আমরা চারজন জীবনের আরও এক নতুন গল্প লিখব।”