অভিযোগ অনুযায়ী, পুনের মাভালের উক্সান এলাকায় অবস্থিত ওই জমিতে বেআইনি নির্মাণের চেষ্টাও করা হয়েছিল। পাশাপাশি, শিন্ডে পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়। তবে এটি দেওয়ানি মামলা হওয়ায় পরে আদালতের দ্বারস্থ হন অভিযোগকারী।

বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে
শেষ আপডেট: 2 April 2026 18:38
দ্য ওয়াল ব্যুরো: পুনের মাভল এলাকায় জমি কেনাবেচা (Pune land dispute Maval) ঘিরে বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে এবং তাঁর স্বামী গোল্ডি বেহলের বিরুদ্ধে প্রতারণা ও নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে (Sonali Bendre land fraud case)। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিনেত্রী।
অভিযোগকারী স্থানীয় কৃষক চন্দ্রকান্ত শিন্ডের দাবি, মাভলের প্রায় ১.২ বিঘা জমির উপর তাঁর পরিবারের পূর্বপুরুষদের অধিকার রয়েছে, যা ১৯৫৭ সাল থেকেই বহাল। তাঁর অভিযোগ, সেই অধিকার অগ্রাহ্য করেই বেআইনিভাবে জমিটি কেনা হয়েছে।
তবে সোনালি বেন্দ্রে এবং তাঁর আইনজীবীদের দাবি, এই অভিযোগের কোনও ভিত্তি নেই। অভিনেত্রীর বক্তব্য, সংশ্লিষ্ট জমির কোনও সরকারি নথি বা ক্রয়-বিক্রয়ের কাগজে তাঁর নাম নেই। তাঁর কথায়, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং শুধুমাত্র অর্থ আদায়ের উদ্দেশ্যে করা হয়েছে।”
এই বিষয়ে চন্দ্রকান্ত শিন্ডে বদাগাঁও মাভল সিভিল কোর্টে একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, পুনের মাভালের উক্সান এলাকায় অবস্থিত ওই জমিতে বেআইনি নির্মাণের চেষ্টাও করা হয়েছিল। পাশাপাশি, শিন্ডে পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়। তবে এটি দেওয়ানি মামলা হওয়ায় পরে আদালতের দ্বারস্থ হন অভিযোগকারী।
আদালতের কাছে ওই জমিতে স্থগিতাদেশ (স্টে অর্ডার) চেয়েছেন কৃষক।
অন্যদিকে, সোনালি বেন্দ্রের আইনজীবী রাজু শিন্ডে জানিয়েছেন, অভিযোগকারী এর আগেও তহসিলদার এবং সাব-ডিভিশনাল অফিসারের (SDO) কাছে একাধিকবার আবেদন করেছিলেন, কিন্তু প্রতিবারই আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে।
এই মামলায় সোনালি বেন্দ্রে, গোল্ডি বেহল এবং আরও দু’জনের নাম রয়েছে। আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।