মুম্বইয়ে আয়োজিত টিজার লঞ্চ অনুষ্ঠানে পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা উপস্থিত থাকলেও রণবীর সেই অনুষ্ঠানে যোগ দেননি। তবে অনুপস্থিত থেকেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। কারণ, একই সময়ে অভিনেত্রী আলিয়া তাঁর স্বামী রণবীরের ‘রাম’ রূপে প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

শেষ আপডেট: 2 April 2026 13:38
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ সাত বছরের অপেক্ষার পর অবশেষে বড় পর্দায় আসতে চলেছে মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘রামায়ণ’ (Ramayana)। সেই বহু প্রতীক্ষিত ছবির টিজার লঞ্চ ঘিরে চর্চা তুঙ্গে (Ramayana teaser launch Mumbai)। তবে মুম্বইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ছবির মুখ্য অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। এটাই এখন অন্যতম আলোচনার বিষয়।
পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা মুম্বইয়ে আয়োজিত টিজার লঞ্চ (Nitesh Tiwari Ramayana film) অনুষ্ঠানে উপস্থিত থাকলেও রণবীর সেই অনুষ্ঠানে যোগ দেননি। তবে অনুপস্থিত থেকেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি।
কারণ, একই সময়ে অভিনেত্রী আলিয়া ভাট তাঁর স্বামী রণবীরের ‘রাম’ রূপে প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন (Ramayana Ranbir Kapoor first look)। ইনস্টাগ্রামে সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “RAMA. In cinemas globally. Diwali 2026 & 2027 (রামা। বিশ্বজুড়ে পর্দায় আসতে চলেছে। দীপাবলি ২০২৬ এবং ২০২৭)।”
লঞ্চ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি জানান, এই জায়গায় পৌঁছতে তাঁর সাত বছর সময় লেগেছে। তাঁর কথায়, “ছবি তৈরি করা একটা অনিশ্চিত ও অনেকটাই একাকী যাত্রা। গত সাত বছর ধরে আমি এই মুহূর্তটার কথা কল্পনা করেছি, ছবিটি প্রকাশ্যে এলে দর্শকের প্রতিক্রিয়া কেমন হবে। আজ আপনাদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, সেই সাত বছরের পরিশ্রম সার্থক।”
তিনি আরও বলেন, এই প্রজেক্টে বহু মানুষের কঠোর পরিশ্রম জড়িয়ে রয়েছে এবং দর্শকদের কাছ থেকে সেই অনুপাতে ভালবাসা পাওয়ার আশা রাখছেন তাঁরা।
প্রযোজক নমিত মালহোত্রাও এই ছবিকে ‘লেবার অব লাভ’ বলে উল্লেখ করেন। তাঁর কথায়, “এই প্রজেক্টটা আমাদের কাছে অত্যন্ত আবেগের। এতদিন ধরে তৈরি করার পর যখন সেটি বিশ্বের সামনে তুলে ধরার সময় এল, তখন মনে হচ্ছিল, আমরা কি সত্যিই প্রস্তুত? তবে গোটা টিমের পরিশ্রমে আমরা গর্বিত। আশা করি দর্শকরাও তা পছন্দ করবেন। রামায়ণকে আপনি বেছে নেন না, রামায়ণ আপনাকে বেছে নেয়।”
এর আগে গত দু’দিনে লস এঞ্জেলস এবং নিউ ইয়র্কে আয়োজিত আলাদা অনুষ্ঠানে প্রথমবারের মতো রণবীর কাপুরের ‘রাম’ লুক প্রকাশ করা হয়। সেইসব অনুষ্ঠানের একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে রণবীর ও পরিচালককে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা গিয়েছে।
আন্তর্জাতিক মিডিয়া এবং মার্কিন চলচ্চিত্র জগতের কিছু নির্বাচিত প্রতিনিধিও টিজারটি দেখার সুযোগ পেয়েছেন এবং তাঁদের প্রতিক্রিয়া ছিল যথেষ্ট ইতিবাচক। এমনকি কয়েকজন অনুরাগী রণবীর কাপুরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগও পান। তাঁদের মধ্যে একজন অভিনেতাকে উপহার দেন রাম জন্মভূমি মন্দির-থিমে তৈরি একটি বিশেষ জ্যাকেট।
প্রসঙ্গত, আজই মুক্তি পেয়েছে 'রামা'র টিজার। সংখ্যার হিসেব বলছে, কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউবে সেই ভিউ ২৪ লক্ষেরও বেশি।
দুই পর্বে তৈরি হচ্ছে এই মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’। প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে। ছবিতে রণবীর কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সাই পল্লবী, যশ, সানি দেওল এবং রবি দুবে-কে।
এছাড়াও, রণবীর কাপুরের হাতে রয়েছে আরও একটি বড় প্রজেক্ট - পরিচালক সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার'। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল।