দ্য ওয়ালের সঙ্গে কথা বলতে গিয়েই সামনে এল এক নতুন তথ্য। এই ইতিহাসের সাক্ষী হওয়ার ডাক পেয়েছিলেন প্রিয়াঙ্কাও! কোন চরিত্র? আর করলেন নাই বা কেন?
.png.webp)
কোন চরিত্রে ডাক পেয়েছিলেন বাংলার প্রিয়াঙ্কা?
শেষ আপডেট: 3 July 2025 19:27
কর্মব্যস্ত শহরের জনপ্রিয় শপিংমল। এ দিন সকাল থেকেই ছিল আরও খানিক ব্যস্ত। সাত দিন আগে থেকেই মিডিয়া থেকে সাধারণ-- পৌঁছে গিয়েছিল আমন্ত্রণপত্র, যেন সাক্ষাৎ দক্ষযজ্ঞ। একটা ছবির টিজার লঞ্চ নিয়ে এত মাতামাতি, এর আগে বাংলা দেখেছে কি! প্রশ্ন ছিল মনে তবে কর্মস্থলে পৌঁছে বোঝা গেল এত আয়োজনের আসল কারণটি!
পরিচালক নীতিশ তিওয়ারি 'রামায়ণ' তৈরি করছেন। না, এর মধ্যে কোনও নতুনত্ব নেই। টিভি থেকে মঞ্চ, বড় পর্দা 'রামায়ণ' আগেও হয়েছে। তবে যা হয়নি তা হল, ১০০০ কোটি বাজেট আর চোখ ধাঁধানো ভিএফএক্স! রণবীর কাপুর রাম, সাই পল্লবী সীতা, হনুমানের চরিত্রে সানি দেওল। নানা চরিত্রে রয়েছেন খোদ অমিতাভ বচ্চন থেকে শুরু করে ববি দেওল, বিবেক ওবেরয়, লারা দত্তসহ অনেকেই। এ এক পৌরাণিক মাল্টিভার্স!
সেই ম্যাগনাম ওপাসের ঝলক দেখতে হাজির হয়েছিলেন টলি-টেলিপাড়ার পরিচিত মুখও। এই যেমন প্রিয়াঙ্কা ভট্টাচার্য , যাকে টলিপাড়া বুবলি নামেই চেনে। দ্য ওয়ালের সঙ্গে কথা বলতে গিয়েই সামনে এল এক নতুন তথ্য। এই ইতিহাসের সাক্ষী হওয়ার ডাক পেয়েছিলেন প্রিয়াঙ্কাও! কোন চরিত্র? আর করলেন নাই বা কেন?

খিলখিল করে হেসে নায়িকা বললেন, "কাস্টিং মুকেশ ছাবড়া করেছেন। ওঁর সঙ্গে পরিচয় রয়েছে। সেই সুবাদেই লক্ষ্মণের স্ত্রী ঊর্মিলার চরিত্র করার সুযোগ এসেছিল। বা বলা ভাল অডিশনে ডাক পেয়েছিলাম। ওঁদের হয়তো মনে হয়েছিল আমাকে মানাবে। কিন্তু পারলাম না জানেন! যখন ফোনটা আসে তখন আমি সিঙ্গাপুরে। আসার অবস্থাতেই নেই। এদিকে অডিশন হয়ে যায়।"
আজ যখন সেই ছবির ঝলকই দেখতে এলেন তখন কি আফসোস হচ্ছে তাঁর? কষ্ট হচ্ছে? খানিক থেমে প্রিয়াঙ্কা ফের বললেন, "কষ্ট ঠিক হচ্ছে না। আসলে সে সময় আমার কিছু করার ছিল না। নয়তো এই ইতিহাসের সাক্ষী হতে কে না চান! আমি কোনও কিছু নিয়েই সেভাবে আফসোস করি না। কী হবে করে! কপালে থাকলে নিশ্চয়ই হত। কপালে ছিল না তাই হয়নি। পরে নিশ্চয়ই আবার সুযোগ আসবে।" অভিমান বা মনখারাপ নয়, পরিবারকে নিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো'ই দেখতে যাবেন প্রিয়াঙ্কা, তা জানাতে ভুললেন না তিনি!