অজয় দেবগনের 'সন অফ সর্দার ২'-এর সামনে চরম চ্যালেঞ্জ! সাইয়ারা ও ধড়ক ২-এর সঙ্গে প্রতিযোগিতায় কতটা টিকে থাকতে পারবে এই বিগ বাজেট ছবি?

'সন অফ সর্দার ২'
শেষ আপডেট: 1 August 2025 19:35
দ্য ওয়াল ব্যুরো: বহু প্রতীক্ষার পর শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল অজয় দেবগন ও ম্রুণাল ঠাকুর অভিনীত ছবি 'সন অফ সর্দার ২। তবে মুক্তির দিনেই ছবিটি পড়ল প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে। একইদিনে মুক্তি পেয়েছে 'সাইয়ারা' ও 'ধড়ক ২'। এর মধ্যে 'সাইয়ারা'-র বক্স অফিস ঝড়ে পিছিয়ে পড়েছে অন্য দুটি সিনেমা।
ফিল্ম মিউজ নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, 'সন অফ সর্দার ২'-এর অগ্রিম বুকিং প্রথম দিনে হয়েছে ২.০৩ কোটি টাকার। বিশ্লেষকদের অনুমান, মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করতে পারে প্রায় ৫-৬ কোটি টাকার আশপাশে। তবে 'সাইয়ারা'-র প্রবল সাফল্যের মুখে দাঁড়িয়ে ছবিটির দৌড় কতদূর যাবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
প্রথমে ২৫ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা পিছিয়ে ১ অগস্টে নিয়ে আসেন নির্মাতারা। 'বুক মাই শো'-এর মতো বুকিং প্ল্যাটফর্মে দেওয়া হয়েছিল ৫০ শতাংশ ছাড়ও। তবু আপাতত দর্শকের আগ্রহে স্পষ্ট, প্রতিযোগীরা যে অনেকটা এগিয়ে!
এই মুহূর্তে সবচেয়ে বড় চাপ 'সন অফ সর্দার ২'-এর ওপর যে দিক থেকে আসছে, তা হল 'ওয়ার ২'-এর আগমন। আগামী সপ্তাহেই মুক্তি পেতে চলেছে এই বিগ বাজেট অ্যাকশন ছবি, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন জুনিয়র এনটিআর, কিয়ারা আদবানি এবং হৃতিক রোশন। ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। ফলে খুব অল্প সময়ের মধ্যেই 'সন অফ সর্দার ২'-কে বক্স অফিস থেকে জায়গা ছেড়ে দিতে হতে পারে।
১০০ কোটির ক্লাবে পৌঁছবে?
বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে বলা যায়, 'সন অফ সর্দার ২' ১০০ কোটির ক্লাবে পৌঁছনো কঠিনই হবে। অজয়-ম্রুণালের জুটিকে দর্শক কতটা গ্রহণ করেন, সেটাই শেষ পর্যন্ত ছবির ভাগ্য নির্ধারণ করবে। অজয়ের শেষ ছবি 'রেড ২' ভারতে আয় করেছিল ১৭৩.০৫ কোটি এবং বিশ্বব্যাপী ২৩৭ কোটি টাকা।