ফিরব বললে ফেরা যায় নাকি? উত্তর এসেছিল, 'মনের মানুষ যদি চায়...'। ঘরে ফেরার টান উপেক্ষা করা নেহাত সহজ নয়!
.png.webp)
উজান গঙ্গোপাধ্যায়ের নতুন ছবিতে নায়িকা কে?
শেষ আপডেট: 1 August 2025 19:23
দ্য ওয়াল ব্যুরো: ফিরব বললে ফেরা যায় নাকি? উত্তর এসেছিল, 'মনের মানুষ যদি চায়...'। ঘরে ফেরার টান উপেক্ষা করা নেহাত সহজ নয়! অঙ্ক সেখানে অনেকটাই কঠিন। এই যেমন উজান গঙ্গোপাধ্যায়। অক্সফোর্ডে স্নাতকোত্তরের পাঠ শেষ করে দেশে ফিরে এসেছেন বছর দুয়েক আগেই। অভিনেতা ছাড়াও তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি তারকা-সন্তান। কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেতা চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘লক্ষ্মী ছেলে’।
সেই ছেলেই এবার পরিচালনায়। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও খবর কিন্তু তেমনটাই। ছবির নাম-ধাম ঠিক হয়নি কিছুই। তবে টলিউডের টাটকা খবর, সেই ছবিতে অভিনয় করতে পারেন গায়িকা রাপূর্ণা ভট্টাচার্য। উড়ো খবর, ভুয়ো খবরের ভিড়ে আসল খবর জানতে দ্য ওয়াল যোগাযোগ করেছিল খোদ উজানের সঙ্গেই।
তিনি বললেন, "প্রি-প্রোডাকশনই তো এখনও সেভাবে হয়নি। কথাবার্তা চলছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কাকে বাছা হবে কে থাকবেন বা কাজ কতটা এগবে তা নিয়ে কিছুই বলতে পারছি না। প্রযোজনা সংস্থা এসভিএফের তরফে হয়তো আগামী দিনে এই সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তার আগে এ প্রসঙ্গে আমি বিশেষ কিছুই বলতে পারব না।"
গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে রাপূর্ণার সখ্য চোখে পড়ার মতো। উজান ও গায়িকার বিশেষ সখ্য নিয়েও ফিসফাস নেহাত কম হয় না। রাপূর্ণা সুগায়িকা। এর আগে বহু ছবিতে তাঁর সফল গায়কি মন জিতেছে সকলের। এবার কি পেশা বদল? নাকি একই সঙ্গে দু'দিকে মন দিয়ে তিনি 'সব্যসাচী'? নজর থাকবে সেদিকেই। তবে আপাতত পরিচালক মশাই কিন্তু 'স্পিক্টি নট'।